Weather Update

‘অর্ণব’- এর শেষে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা, পশ্চিমবঙ্গ জুড়ে কতটা প্রভাব পড়বে?

শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে ফের দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভবনা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১১:১৯

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। ছত্রিশগড়ে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর অবশিষ্টাংশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নতুন করে নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর জেরে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় ওঠানামা চলবে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দিনে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটির অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। অন্যদিকে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে।

শুক্রবার, ৩০ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের তুলনায় শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শনিবার, ৩১ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বেশ কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সাময়িকভাবে মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। তবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তার আগে কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


Share