Suvendu Adhikari

রায়গঞ্জে AIIMS, জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল, উত্তরবঙ্গের উন্নয়নে বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রী শুভেন্দুর

রায়গঞ্জে AIIMS তৈরির প্রস্তাব কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত, জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতালের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ০৭:৫০

উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ঢেলে সাজানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রায়গঞ্জের দিগনগরে AIIMS তৈরির প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্তের কথা জানালেন তিনি। পাশাপাশি জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তর দিনাজপুর সফরে গিয়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। তাঁর এই ঘোষণাকে ঘিরে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

এ দিন প্রথমে প্রশাসনিক বৈঠকে যোগ দেন শুভেন্দু অধিকারী। পরে কর্ণজোড়ার তিস্তা ময়দানে জনসভা করেন তিনি। সেখানেই উত্তর দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে রায়গঞ্জের দিগনগরে AIIMS তৈরির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানোর সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির আশ্বাস দিয়ে তিনি বলেন, ওই জেলাকেও নিরাশ করা হবে না।

স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি উত্তর দিনাজপুরের পরিকাঠামোগত উন্নয়নেও একাধিক পদক্ষেপের কথা তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য, জেলার হাসপাতালগুলির চেহারা বদলে দেওয়া হবে এবং স্মার্ট স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে ফায়ার ব্রিগেডের জন্য ছ’টি গাড়ি এসেছে। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা CSR-এর আওতায় এসেছে ১০টি ট্রমা অ্যাম্বুল্যান্স। প্যাথোলজিক্যাল সেন্টার, ক্যাথল্যাব, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং অমৃত প্রকল্পের মাধ্যমে দ্রুত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজও শুরু হবে বলে জানান তিনি।

এদিন সাধারণ মানুষের কল্যাণে ৩০টি কর্মসূচির উদ্বোধন এবং ৮৩টি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কিষানগঞ্জ বাইপাসের বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা DPR তৈরির আশ্বাস দেন তিনি। রায়গঞ্জ-বারসইয়ের মধ্যে রাস্তা সংযোগের কাজের কথাও বলেন।

রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একাধিক পরিকল্পনার কথা উঠে আসে তাঁর বক্তব্যে। কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর ব্রডগেজ রেললাইন এবং আলুয়াবাড়ি-নিউ জলপাইগুড়ির মধ্যে তৃতীয় ও চতুর্থ ব্রডগেজ লাইন তৈরির জন্য জমি দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচারে এসে AIIMS তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটে জয়ের পর উত্তরবঙ্গ সফরে গিয়ে উন্নয়নের মাধ্যমে সেই অঞ্চলের প্রতি দায়বদ্ধতা পূরণের কথা বলেছিলেন শুভেন্দু। এবার রায়গঞ্জে AIIMS-এর প্রস্তাব এবং জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতালের আশ্বাসের মাধ্যমে সেই উন্নয়ন পরিকল্পনাকেই সামনে আনলেন তিনি।


Share