Railway Update

বিশাখাপত্তনমে রেললাইনে জল জমে বিপর্যস্ত ট্রেন চলাচল! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ঘুরপথে চলবে করমণ্ডল এক্সপ্রেস

পাশাপাশি, ঘুরপথে চালানো হচ্ছে হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস এবং হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। এর ফলে যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বিশাখাপত্তনম
  • শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ০৯:৫০

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ডিভিশনে রেললাইনে জল জমে ব্যাহত ট্রেন চলাচল। পরিস্থিতির জেরে ২৯ ও ৩০ অক্টোবর একাধিক দূরপাল্লার এবং লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-চরলাপল্লি এক্সপ্রেস, সাঁতরাগাছি-ইয়েলহঙ্কা এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। পাশাপাশি, ঘুরপথে চালানো হচ্ছে হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস এবং হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। এর ফলে যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ অক্টোবর বাতিল করা হয়েছে ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, ১৮০৪৫ হাওড়া-চরলাপল্লি এক্সপ্রেস, ১৮০৬৩ সাঁতরাগাছি-ইয়েলহঙ্কা এক্সপ্রেস এবং ২২৬০৩ খড়্গপুর-ভিল্লুপুরম এক্সপ্রেস। এ ছাড়াও বাতিলের তালিকায় রয়েছে ২২৮৫১ শালিমার-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল এক্সপ্রেস, ১২৮৬৩ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, ১৮০৪৭ শালিমার-ভাস্কো-দা-গামা এক্সপ্রেস এবং ০৮০৪৫ শালিমার-চরলাপল্লি স্পেশাল। ফলে দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেনের যাত্রীরা সমস্যায় পড়তে পারেন।

অন্য দিকে, ৩০ অক্টোবরও একাধিক রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বাতিলের তালিকায় রয়েছে টাটানগর-বিলাসপুর, টাটানগর-হাটিয়া, ঝাড়সুগুড়া-সম্বলপুর, রাউরকেলা-গুণুপুর, রাউরকেলা-টাটানগর, ঝাড়গ্রাম-পুরুলিয়া, খড়্গপুর-টাটানগর, আসানসোল-টাটানগর এবং চক্রধরপুর-রাউরকেলা রুটের বিভিন্ন ট্রেন। ঝাড়সুগুড়া-সম্বলপুর এক্সপ্রেসের একটি পরিষেবাও ২৯ অক্টোবর বাতিল করা হয়েছিল।

এ দিকে, ২৯ অক্টোবরের যাত্রায় হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস এবং করমণ্ডল এক্সপ্রেসকে বিকল্প পথে চালানো হচ্ছে। ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস খড়্গপুর, টাটানগর, ঝাড়সুগুড়া, গোন্ডিয়া ও বলহারশাহ হয়ে চলেছে। অন্য দিকে, ১২৮৪১ হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস খড়্গপুর, টাটানগর, ঝাড়সুগুড়া ও বিজয়নগরম হয়ে চলাচল করছে।

রেললাইনে জল জমার কারণে এই পরিষেবা পরিবর্তনে যাত্রীদের যাত্রাপথ ও সময়সূচিতে প্রভাব পড়তে পারে। তাই স্টেশনে রওনা দেওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের বাতিল, ঘুরপথে চলাচল এবং সময়সূচি সংক্রান্ত সর্বশেষ তথ্য রেলের সরকারি সূত্র থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।


Share