Weather Update

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর রেশ কাটেনি, বঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত, নতুন করে নিম্নচাপ আন্দামান সাগরে!

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় বাড়ছে আবহাওয়ার নজরদারি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ০৯:১৬

অর্ণব’-এর রেশ কাটেনি। তারমধ্যেই ফের নিম্নচাপের দেখা! ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে বাংলায় বৃষ্টির দাপট অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ছত্তিশগড় ও লাগোয়া দক্ষিণ ওড়িশায় অবস্থান করছে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট নিম্নচাপটি। সন্ধ্যার মধ্যে সেটি আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে সেটি শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উপকূলের দু-একটি জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। সাগরদ্বীপ, দিঘা, পূর্ব মেদিনীপুরের ইটামোগরা ও পাঁশকুড়ায় সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গোপীবল্লভপুর, তমলুকে ৭০ মিলিমিটার এবং পুরুলিয়ার পুরিহাঁসায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ফুলবেড়িয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ার আমতায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

একটানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে। বজ্রপাতের পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নিতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সব মিলিয়ে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে পড়লেও তার প্রভাবে আপাতত স্বস্তি মেলেনি বঙ্গে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


Share