Accident

খড়্গপুরে পিকআপ ভ্যান উল্টে দুর্ঘটনা, একজনের মৃত্যু, গুরুতর জখম অন্তত দশ জন

খড়্গপুরের কলাইকুণ্ডা এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে সোমবার সকালে পিকআপ ভ্যান উল্টে যায়। টায়ার ফেটে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্তত দশজন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৯

ফের খড়্গপুরে পথ দুর্ঘটনা। সোমবার সকালে কলাইকুণ্ডা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত একটি পিকআপ ভ্যান আচমকা উল্টে গিয়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকা থেকে প্রায় ২০–২২ জন যাত্রী একটি পিকআপ ভ্যানে করে ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কলাইকুণ্ডা এলাকায় পৌঁছোনোর পর আচমকা গাড়ির পিছনের একটি টায়ার ফেটে যায়। এর ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পিকআপ ভ্যানটি জাতীয় সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শেখ আল্লারাখা (৪০) নামে এক ব্যক্তির। তিনি মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই  দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন খড়্গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দিনেন রায়। তিনি জানান, মুরগির হাটে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।


Share