Haldia Civic Poll

বউনি করতে দেব না’, 'হলদিয়া পুরভোটে ৩০টি আসনেই জিতবে বিজেপি, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

হলদিয়া পুরসভার ৩০টি আসনেই বিজেপির জয়ের দাবি শুভেন্দু অধিকারীর, বিরোধীদের একটিও আসনে জিততে না দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ০৫:৩৮

রাজ্যে আসন্ন পুরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। তার মধ্যেই হলদিয়া পুরভোটে বিরোধীদের একটিও আসন জিততে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুকে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হলদিয়া পুরসভা নিয়ে দলের নেতা-কর্মীদের বিশেষ বার্তা দেন তিনি। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যের সব নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হবে বিজেপি।

হলদিয়া পুরসভায় মোট ৩০টি আসন রয়েছে। সেই আসনগুলিতে দলের কর্মীদের একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “হলদিয়া পুরসভায় নির্বাচন আছে। দু-একদিনের মধ্যে বসব, পুরো জেলার কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন।” এরপরই ৩০টি আসনে বিরোধীদের শূন্য করার ডাক দিয়ে তিনি বলেন, “শূন্য করে দিতে হবে ৩০টি আসনে।” পাশাপাশি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাটি হাতে বসানোর কথাও বলেন তিনি।

হলদি নদীর ওপারে নন্দীগ্রামে বিজেপির জয়ের প্রসঙ্গ টেনে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, হলদিয়া পুরভোটেও কি একই ছবি দেখা যাবে? উত্তরে শুভেন্দু বলেন, “হলদিয়া পুরভোটে বউনি করতে দেব না... লিখে রাখুন আমার নাম করে, জনগণ আমার সঙ্গে আছে।”

গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৬ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে বলে উল্লেখ করেন তিনি। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুর দাবি, আগামী দিনে পুরসভা, কর্পোরেশন এবং পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি ৬০ শতাংশের বেশি ভোট পাবে। ফলতা পুনর্নির্বাচন, রেজিনগর ও নন্দীগ্রামের উদাহরণও তুলে ধরেন তিনি।

এদিকে, তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মলয় সিনহাও তৃণমূলকে আক্রমণ করেন। তাঁর দাবি, তৃণমূলের অস্তিত্ব নেই বললেই চলে। নন্দীগ্রামে প্রার্থী দিতে না পারার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের খাতায় হিসাব রাখার মতো পরিস্থিতিও নেই তাদের।

হলদিয়া পুরভোটের আগে বিজেপি নেতৃত্বের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটের ফল কী হবে, তা নির্ধারণ করবে ভোটারদের রায়।


Share