Drug Smuggling

মালদহ থেকে বিহারে হেরোইন পাচার! পুজোর মুখে আড়াই কোটির হেরোইন পাচারের ছক বানচাল, ফরাক্কায় হাতবদলের সময় গ্রেফতার চার

মালদহের কালিয়াচক থেকে বিহারে হেরোইন পাচারের পরিকল্পনা বানচাল করল ফরাক্কা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯৮০ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

পুলিশের হাতে গ্রেফতার চার জন।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৬

পুজোর আগে বড়সড় মাদক পাচারের ছক বানচাল করল ফরাক্কা থানার পুলিশ। মালদহের কালিয়াচক থেকে বিপুল পরিমাণ হেরোইন বিহারে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। নিউ ফরাক্কা মোড়ের একটি হোটেলের কাছে মাদক হাতবদলের সময় চারজনকে পুলিশ গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯৮০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে ফরাক্কা থানার আইসি অমিত মুখোপাধ্যায়ের কাছে মাদক পাচারের বিষয়ে গোপন খবর আসে। জানা যায়, মালদহের কালিয়াচক থেকে মাদক নিয়ে ফরাক্কার রাস্তা ধরে বিহারে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। খবর পাওয়ার পরই নিউ ফরাক্কা মোড়ের কাছে একটি হোটেলের আশপাশে নজরদারি শুরু করে পুলিশ। সাদা পোশাকের পুলিশকর্মীদের পাশাপাশি সেখানে মোতায়েন করা হয় উর্দিধারী পুলিশও।

পুলিশের নজরে আসে, মালদহ থেকে আসা এক ব্যক্তি হোটেলের কাছে বিহার থেকে আসা তিন ব্যক্তির হাতে একটি প্যাকেট তুলে দিচ্ছেন। মাদক হাতবদলের মুহূর্তেই চারজনকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৯৮০ গ্রাম হেরোইন।

ধৃতদের মধ্যে রয়েছেন শেখ সরফরাজ আহমেদ, সাকেত কুমার, অঙ্কিত কুমার ও ভবেশ কুমার। সরফরাজের বাড়ি মালদহে। বাকি তিনজন বিহারের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সজলকান্তি বিশ্বাস জানান, ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে। এই মাদক পাচারচক্রের মূল মাথা কে, এবং এর সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক পাচারের এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

জঙ্গিপুর পুলিশ জেলা মাদকমুক্ত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অ্যাডিশনাল এসপি।


Share