TMC Political Crisis

শ্রমিক নেতার পর এ বার যুব সভাপতি! পাকুয়াহাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিয়ো ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা

জানা গিয়েছে, শনিবার রাতে পাকুয়াহাট শ্যামাকালী মন্দির চত্বরে উপস্থিত ছিলেন সুজয় সাহা। সেই সময় তাঁকে লক্ষ্য করে কয়েকটি ডিম ছোড়া হয় বলে অভিযোগ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৪:২২

তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত রাজনৈতিক মহল। এ বার মালদহের বামনগোলায় তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল। শনিবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়াহাট শ্যামাকালী মন্দির চত্বরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাতে পাকুয়াহাট শ্যামাকালী মন্দির চত্বরে উপস্থিত ছিলেন সুজয় সাহা। সেই সময় তাঁকে লক্ষ্য করে কয়েকটি ডিম ছোড়া হয় বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে ঠিক কী কারণে এই ঘটনা এবং কারা এর পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর থেকেই সমাজমাধ‍্যমে একটি ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও বামনগোলা এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠনের এক সহ-সভাপতিকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ সামনে এসেছিল। এ বার দলের যুব সভাপতিকে ঘিরে একই ধরনের অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরপর এই ধরনের অভিযোগের পিছনে কোনও সংগঠিত পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।

কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের পরিচয় কী, কিংবা ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না,এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। প্রশাসনের তরফেও ঘটনার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

ফলে আপাতত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো এবং স্থানীয় সূত্রের দাবির ভিত্তিতেই ঘটনাটি নিয়ে আলোচনা ও তদন্ত  চলছে।


Share