Road Accident

দুর্গাপুরে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনা, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল কিশোর-সহ দু'জনের, আহত আরও দুই

রবিবার গভীর রাতে কুমারমঙ্গলম পার্কের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৬ বছরের কিশোর অনির্বাণ চক্রবর্তী ও ২২ বছরের সাহিল শর্মার। গুরুতর আহত আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ০৩:০৩

দুর্গাপুজোর আনন্দের মধ্যেই দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী। মৃতদের মধ্যে রয়েছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। রবিবার গভীর রাতে দুর্গাপুর থানার অন্তর্গত কুমারমঙ্গলম পার্কের কাছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম অনির্বাণ চক্রবর্তী (১৬)। সে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার বাসিন্দা। অন্য আর একজন মৃত যুবকের নাম সাহিল শর্মা (২২)। তাঁর বাড়ি দুর্গাপুরের বেনাচিতিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে চারজন ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কুমারমঙ্গলম পার্কের দিক থেকে আই সেক্টর মোড়ের রাস্তা ধরে যাওয়ার সময় দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার অভিঘাতে চারজনই গুরুতর জখম হন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রথমে চারজনকে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনির্বাণের মৃত্যু হয়। পরে বাকি তিনজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা সাহিলকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের শারীরিক অবস্থা গুরুতর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুজোর রাতে যখন শহরের বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, তখনই পরপর পথ দুর্ঘটনায় দুই তরতাজা প্রাণের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। কী কারণে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ।

এই দুর্ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর পূর্ব এক নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক দিব্যেন্দু গাইন বলেন, “রবিবার গভীর রাতেই দুর্ঘটনাটি ঘটে। আমরা সকলকেই হাসপাতালে নিয়ে যাই। সেখানেই মৃত্যু হয় দু’জনের। তবে সকলের কাছে অনুরোধ, ট্রাফিক আইন মেনে চলুন এবং হেলমেট পরে বাইক চালান।”


Share