Body Recovery

রানিগঞ্জে আবাসন থেকে মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে ঘনাচ্ছে রহস্য, তদন্তে পুলিশ

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের জেকে নগরে একটি আবাসন থেকে মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে। ঘরের ভিতর ছড়িয়ে-ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৩:৫২

ঘরের ভিতর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন জিনিসপত্র। আর তারই মধ্যে মেঝেতে পড়ে রয়েছে এক মহিলার নিথর দেহ। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের জেকে নগর এলাকায় একটি আবাসন থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার হওয়ায় মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেকে নগরের কোলিয়ারি এলাকায় একটি বন্ধ অ্যালুমিনিয়াম কারখানার আবাসনে ওই মহিলা একাই থাকতেন। দীর্ঘদিন আগেই স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তাঁর সন্তানরা অন্যত্র থাকেন। মঙ্গলবার রাতে আবাসনের ঘর থেকেই মহিলার দেহ উদ্ধার হয়।

খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রণব কুমার, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ স্থানীয় পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছোয়। মহিলার উপর কোনও ধরনের শারীরিক নির্যাতন করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, মহিলার মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরবর্তী তথ্য থেকেই স্পষ্ট হবে বলে তিনি জানিয়েছেন।

মৃত্যুর আগে ওই মহিলার সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, কিংবা বাইরে থেকে কেউ আবাসনে ঢুকেছিলেন কি না—সেই বিষয়গুলিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। আপাতত সব সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত এগোচ্ছে।


Share