Political Inner Clash

চাঁদা তোলার অভিযোগে তৃণমূলের অন্দরেই বিস্ফোরণ, ভোটের আগে অস্বস্তিতে শাসকদল

পোস্টে তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, তাঁর বিধানসভা এলাকায় কী হচ্ছে তিনি তা খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছেন। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতি দলের জন্য ভোটে ‘মাইনাস’ হতে পারে।

মন্ত্রী উদয়ন গুহ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৯

ভোটের মুখে শাসকদলের অস্বস্তি বাড়াল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের সমাজমাধ্যমের পোস্ট। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ট্যাগ করে তিনি অভিযোগ করেছেন, দলের একাংশ গ্রামেগঞ্জে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলছে। যার নেতিবাচক প্রভাব জনমানসের ওপর পড়ছে। ভোটেও তার প্রভাব পড়তে পারে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

শাকিল আখতার (ডেভিড) নামে ওই যুব নেতা দিনহাটা-২ ব্লকের যুব তৃণমূলের সহ-সভাপতি এবং গোবড়াছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের সদস্য। পোস্টে তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, তাঁর বিধানসভা এলাকায় কী হচ্ছে তিনি তা খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছেন। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতি দলের জন্য ভোটে ‘মাইনাস’ হতে পারে।

একই সঙ্গে উদয়ন গুহর কাজের প্রশংসা করে শাকিল লেখেন, মন্ত্রীর পরিশ্রম মানুষ প্রশংসা করে, কিন্তু তাঁর পরের সারির নেতৃত্বকে অনেকেই মেনে নিতে পারছেন না। তাঁদের সজাগতার অভাবেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে ইঙ্গিত করেন তিনি। জোরপূর্বক চাঁদা তোলার অভিযোগ তুলে তিনি সতর্ক করেন, এই প্রবণতা ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে শাকিল বলেন, “আমার যা বক্তব্য, তা লিখে দিয়েছি। মন্ত্রী খুব ভালো কাজ করছেন। কিন্তু এরপরও কিছু বিষয় রয়েছে, তার নজরে আনার জন্যই এটা লিখেছি।” এ নিয়ে উদয়ন বলেন, “বাইরে রয়েছি। ও কেন এ সব লিখেছে, বলতে পারব না। দিনহাটায় ফিরে বিষয়টি নিয়ে খোঁজ নেব।” বিজেপি বিধায়ক মালতি রাভা বলেন, “কাটমানি নেওয়ার বিষয়টি তৃণমূলেরই এক পঞ্চায়েত তুলে ধরেছেন। তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। তিনি বুঝতে পারছেন, এর প্রভাব ভোটে পড়বে। তাই তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে লিখেছেন।”


Share