Special Intensive Revision

সাত দিন করে বড়তে চলেছে এসআইআরের শুনানি, পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, ইঙ্গিত সিইও-র

সিইও মনোজকুমার আগরওয়াল এ-ও জানান, এসআইআরের শুনানির খুব একটা বেশি বাকি নেই। ৯৫ শতাংশ শুনানি শেষ হয়ে গিয়েছে। ভোটারের নথিপত্র আপলোড হয়ে গিয়েছে ৭৫ শতাংশ। ২৫ শতাংশ বাকি রয়েছে। আপলোড হয়ে যাওয়া নথি যাচাই করার কাজও ৮০ শতাংশ শেষ হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১

শনিবার রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানির শেষ দিন ছিল। কিন্তু তার পরেও কিছু জেলার বিধানসভা কেন্দ্রে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি। এ বার তাই শুনানির দিনক্ষণ বাড়াতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, সাত দিন করে সময় বাড়ানো প্রস্তাব নির্বাচন সদনে পাঠানো হয়েছে। তাঁরাই বিষয়টি বিবেচনা করে কত দিন বাড়ানো যাবে তা স্থির করবেন। সে ক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও অন্তত সাত দিন পিছিয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে।

কমিশন সূত্রের খবর, রাজ্যের প্রায় সবকটি জেলার বিধানসভা কেন্দ্রে এসআইআর-এর শুনানি শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও দেখা গিয়েছে কয়েকটি বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ শুনানি করা সম্ভব হয়নি। এর মধ্যে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে শুনানি শেষ করা যায়নি। দক্ষিণ ২৪ পরগনার সাতটি বিধানসভা কেন্দ্র, হাওড়ার একটি বিধানসভা কেন্দ্র, মালদহের কয়েকটি এবং কার্শিয়াঙের শুনানি সম্পন্ন করা যায়নি। কলকাতা উত্তরের একটি কেন্দ্র বাদে বাকি সবকটি বিধানসভা কেন্দ্রে শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তবে কলকাতা দক্ষিণের কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে শুনানি শেষ করা যায়নি। এ ছাড়াও, বেশ কয়েকটি কেন্দ্রে মপআপ প্রক্রিয়া বাকি রয়েছে বলে জানা গিয়েছে।

সিইও দফতর সূত্রের খবর, এই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকেরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের কাছে শুনানির সময়সীমা বৃদ্ধির আবেদন জানান। তাঁদের আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে সেই সমস্ত কেন্দ্রের কথা উল্লেখ করে সময় বাড়ানোর প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সিইও দফতর থেকে ইমেল চলে গিয়েছে। সাত দিনের সময়সীমা বৃদ্ধি করার প্রস্তাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তবে কতদিন সময়সীমা বাড়ানো হবে তা বিবেচনা নির্বাচন কমিশনই করবে।

সিইও মনোজকুমার আগরওয়াল বলেন, “যদি শুনানির দিনক্ষণ বাড়ানো হলে অবধারিত ভাবে চূড়ান্ত ভোটার তালিকা পিছিয়ে যাবে।”সেক্ষেত্রে আরও সাতদিন পরে সেই তালিকা প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার সিইও মনোজকুমার আগরওয়াল বলেন, “সাতদিন যথেষ্ট সময়। এর মধ্যে আশা করা যাচ্ছে বাকি থাকা সব কাজই শেষ করা সম্ভব হবে। তারপরে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।”

এ দিন সিইও মনোজকুমার আগরওয়াল এ-ও জানান, এসআইআরের শুনানির খুব একটা বেশি বাকি নেই। ৯৫ শতাংশ শুনানি শেষ হয়ে গিয়েছে। ভোটারের নথিপত্র আপলোড হয়ে গিয়েছে ৭৫ শতাংশ। ২৫ শতাংশ বাকি রয়েছে। আপলোড হয়ে যাওয়া নথি যাচাই করার কাজও ৮০ শতাংশ শেষ হয়েছে। এফআরআরও পাসপোর্ট যাচাইয়ের কাজ শেষ হয়েছে।


Share