Special Intensive Revision

এসআইআরের শুনানির দিনক্ষণ বাড়তে চলেছে কয়েকটি জেলায়, জেলাশাসকদের কাছ থেকে তালিকা চাইল কমিশন

শুনানির দিনক্ষণ যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ও পিছিয়ে যাবে। সেক্ষেত্রে পাঁচ থেকে ছ’দিন পিছিয়ে যেতে পারে বলে মনে করছে কমিশন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৮

কয়েকটি জেলার বিধানসভা কেন্দ্র বাদ দিয়ে বাকি সব জেলায় শুনানির কাজ প্রায় শেষ। কোথাও হয়ে গিয়েছে আবার কোথাও শনিবারে শেষ হয়ে যাবে। কিন্তু এমন জেলা রয়েছে সেখানে শুনানি কালকের মধ্যে শেষ করা যাবে না বলেই মনে করা হচ্ছে। কমিশন সূত্রের খবর, মালদহ, কলকাতা উত্তর, উত্তর ২৪ পরগনা এবং কার্শিয়াঙয়ে শুনানি এখনও অনেকটাই বাকি রয়েছে। সেই সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকেরা ইতিমধ্যেই রাজ‍্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের কাছে সময় চেয়েছেন। মুখ‍্য নির্বাচনী আধিকারিক তাঁদের দাবি একত্রিত করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন। তবে নির্বাচন কমিশনই বিবেচনা করে বাড়তি কতটা সময় দেওয়া যাবে তা ঠিক করবে।

শুক্রবার পর্যন্ত হাওড়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ হয়ে গিয়েছে। কিন্তু বাকি রয়েছে মালদহ, উত্তর ২৪ পরগনা, কার্শিয়াঙ, কলকাতা উত্তরের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র। তবে দক্ষিণ কলকাতার শুনানির কাজ আগামীকাল শেষ হয়ে যাবে। কলকাতা উত্তরের শ‍্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে এখনও শুনানির কাজ অনেকটাই বাকি রয়েছে।

সিইও দফতর সূত্রের খবর, তাই সেই সমস্ত দেলার জেলা নির্বাচনী আধিকারিকেরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজকুমার আগরওয়ালের কাছে সময় চেয়েছেন। শেষ পর্যন্ত কতজন ডিইও সময় চাইছেন তা তিনি দেখে নেবেন। শনিবার তিনি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে জানাবেন। নির্বাচন কমিশন সেটা বিবেচনা করে কতটা সময় দেওয়া যায় তা নির্ধারণ করে জানিয়ে দিতে পারেন।

মনে করা হচ্ছে, ওই সমস্ত কেন্দ্রগুলিতে দুই-তিন দিন সময় বাড়ানো হতে পারে। ৭ ফেব্রুয়ারি, শনিবার এসআইআরের শুনানির শেষ তারিখ। তাই আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হতে পারে। এর চেয়ে বেশি আর সময় আর দেওয়া হবে না বলেই কমিশনের একটি সূত্র জানিয়েছে। আগামীকাল সকালের মধ্যেই বিধানসভা ভিত্তিক তথ‍্য দিয়ে নির্বাচন কমিশনকে ইমেল মারফত তা জানিয়ে দেবেন সিইও।

কমিশন এ-ও মনে করছে, শুনানির দিনক্ষণ যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ও পিছিয়ে যাবে। সেক্ষেত্রে পাঁচ থেকে ছ’দিন পিছিয়ে যেতে পারে বলে মনে করছে কমিশন। কমিশন আগেই জানিয়েছিল, রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ কোনও যোগ‍্য ভোটারের নাম বাদ যাবে না। আবার কোনও অবৈধ ভোটারের নাম তালিকায় রাখা হবে না। সেই কার্যক্রম নিশ্চিত করতেই কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না নির্বাচন।


Share