Recovery of Money

বাদুড়িয়ায় দুর্নীতির বিস্ফোরণ! মাটির নিচে পোঁতা নগদের পাহাড়, দীপঙ্করের দেখানো পথেই উদ্ধার পুলিশের

এরপর পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে খোঁড়াখুঁড়ি শুরু করে। মাটি খুঁড়তেই উদ্ধার হয় একাধিক বস্তা ও সুটকেস ভর্তি নগদ টাকা।

উদ্ধার লক্ষাধিক টাকা
নিজস্ব সংবাদদাতা, বাদুড়িয়া
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১১:০০

বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেফতারির পর তদন্তে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। তাঁর দেখানো সূত্র ধরেই এবার পাটক্ষেত থেকে উদ্ধার হল বস্তাভর্তি বিপুল পরিমাণ টাকা। মঙ্গলবার দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধারের পর বুধবার তাঁকে নিয়ে ঘটনাস্থলে পুনর্গঠন করতে যায় পুলিশ। সেই সময়ই নতুন করে টাকার হদিশ মেলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে দীপঙ্কর স্বীকার করেন যে তাঁর বাড়ির পাশের একটি পাটক্ষেতে আরও টাকা মাটির নিচে পুঁতে রাখা রয়েছে। বুধবার সকালে স্থানীয় কয়েকজন চাষি মাটির নিচে সন্দেহজনক কিছু দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে খোঁড়াখুঁড়ি শুরু করে। মাটি খুঁড়তেই উদ্ধার হয় একাধিক বস্তা ও সুটকেস ভর্তি নগদ টাকা। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কয়েক কোটি টাকারও বেশি হতে পারে। স্থানীয়দের একাংশের দাবি, ওই এলাকা থেকে শুধু টাকা নয়, ট্রলিভর্তি সোনাও উদ্ধার হতে পারে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুরসভার বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিতেন চেয়ারম্যান। অভিযোগ, নথিপত্র থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার জন্য পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হত। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ কটাক্ষ করে বলেন, “তৃণমূল পাটক্ষেতে টাকার গাছ পুঁতেছিল। যদি ওইটুকু জায়গায় এত টাকা থাকতে পারে, তবে পুরো রাজ্য জুড়ে তারা কত টাকা কামিয়েছে তা সহজেই অনুমেয়। পদত্যাগ করলেই দুর্নীতি থেকে মুক্তি পাওয়া যায় না।”

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই টাকার উৎস কী এবং এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত। দীপঙ্কর ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।


Share