Rape

দিল্লিগামী স্লিপার বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চালক-কন্ডাক্টর

পুলিশ সূত্রে খবর, বাসের মধ্যেই চালক ও কন্ডাক্টর তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। পরে তাকে রাস্তায় ফেলে রেখে তাঁরা পালিয়ে যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ১২:৩৮

দিল্লিগামী একটি স্লিপার বাসে চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ, উত্তরপ্রদেশের মইনপুরীর বাসিন্দা একাদশ শ্রেণির ওই ছাত্রী নয়ডার সেক্টর ৬৩-এ তার এক দাদার বাড়িতে যাচ্ছিল। পথে বাসের মধ্যেই তাকে ধর্ষণ করা হয়। পরে দিল্লির কাশ্মীরি গেট এলাকায় রাস্তায় তাকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ৪ অগস্ট। ওই দিন পড়াশোনা নিয়ে তাঁর মা মেয়েকে বকাবকি করেছিলেন। এর পরেই কাউকে কিছু না জানিয়ে কিশোরী বাড়ি থেকে বেরিয়ে যায়। নয়ডার সেক্টর ৬৩-এ তার দাদা থাকেন। তাঁর কাছেই যাওয়ার জন্য সে মইনপুরী থেকে একটি স্লিপার বাসে ওঠে। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। তার উপর চলছিল বৃষ্টি। অন্ধকারের মধ্যে রাস্তা চিনতে না পেরে ভুল করে কিশোরী গ্রেটার নয়ডার পরি চক এলাকায় নেমে পড়ে। এরপর কীভাবে সে বাসে ফের ওঠে এবং দিল্লির কাশ্মীরি গেট এলাকায় পৌঁছোয়, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। পুলিশ সূত্রে খবর, বাসের মধ্যেই চালক ও কন্ডাক্টর তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। পরে তাকে রাস্তায় ফেলে রেখে তাঁরা পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা চলছে।

বাস থেকে নামার পরেই কিশোরী ভুল বুঝতে পারে। কিন্তু ততক্ষণে বাসটি সেখান থেকে চলে গিয়েছিল। কিছু ক্ষণ অপেক্ষা করার পর সে একটি স্লিপার বাস দেখতে পায়। বাসটিতে আর কোনও যাত্রী ছিলেন না। সেটি নয়ডার সেক্টর ৬৩-র দিকে যাচ্ছে জানতে পেরে কিশোরী তাতেই উঠে পড়ে। পুলিশ সূত্রে খবর, বয়ানে কিশোরী জানিয়েছে, বাসে ওঠার কিছু ক্ষণ পর থেকেই কন্ডাকটর তার দিকে অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করেন। অভিযোগ, এর পর চালক ও কন্ডাকটর মিলে তাকে ধর্ষণ করেন। কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগ, পরে পরি চক থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে পুরাতন দিল্লির কাশ্মীরি গেট বাস টার্মিনালের কাছে রিং রোডের ধারে কিশোরীকে ফেলে দিয়ে চালক ও কন্ডাকটর পালিয়ে যান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর দিল্লি) নীহারিকা ভট্ট জানান, ঘটনায় অভিযুক্ত চালক কুলদীপ এবং কন্ডাকটর সন্দীপকে তিমারপুর এলাকার একটি পার্কিং থেকে গ্রেফতার করা হয়েছে। যে বাসটিতে কিশোরীকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ, পুলিশ সেটিও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ এবং মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্লিপার বাসটির জানালা পর্দা দিয়ে ঢাকা ছিল। ফরেনসিক পরীক্ষার সময় বাসটি থেকে এক গোছা চুলও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া চুলগুলি কিশোরীরই হতে পারে। সেগুলি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, এই ঘটনাটি প্রায় ১৪ বছর আগে, ২০১২ সালে দিল্লির চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণ ও খুনের ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়েছে। সেই ঘটনায় পুরো দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছিল।


Share