Weather Update

শক্তি বাড়িয়ে উপকূলমুখী নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, তিন জেলায় জারি কমলা সর্তকতা

রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে, সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ১১:৪৭

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়তে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের পাশাপাশি সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখাও। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে সেই অক্ষরেখা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পুরুলিয়ার উপর দিয়ে দক্ষিণ দিকে বাঁক নিয়ে তা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস।

 রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই পরিস্থিতি তৈরি হতে পারে হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও।

অন্যদিকে, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই তিন জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের পর ধীরে ধীরে ঝড়বৃষ্টির দাপট কমার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের জেরে সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার গতি ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে বুধবারও ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহারেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিকে, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি।


Share