Gold Seized

সীমান্তে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার, বিএসএফের হাতে আটক এক মহিলা, চলছে জিজ্ঞাসাবাদ

নদিয়ার বানীপুর সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ন। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা বলে দাবি বিএসএফের।

সীমান্তে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ১২:৫২

নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বড়সড় সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে বানীপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা-সহ এক মহিলাকে আটক করেন বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকায় জওয়ানরা নজরদারি চালাচ্ছিলেন। সেই সময় এক মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করা হয়। তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে মোট ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার হয়।

বিএসএফের দাবি, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় ওই মহিলাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধান চালানো হচ্ছে।

কোথা থেকে ওই সোনা আনা হয়েছিল। সীমান্ত পেরিয়ে কীভাবে তা পাচারের পরিকল্পনা করা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় সীমান্তে সক্রিয় কোনও বড়সড় পাচারচক্রের হদিস মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রুখতে বর্তমানে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। তার মধ্যেই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে ফের তৎপরতা বাড়ল।


Share