Abhishek Banarjee

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশের অভিযান, সাইনবোর্ড খুলে ফেলাকে ঘিরে ধুন্ধুমার, আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের

কলকাতা পুরসভার একটি নোটিশ দেখিয়েই পুলিশ অফিসে ঢোকে বলে জানা গিয়েছে। পুলিশকে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তিও হয়। সেই ঘটনায় কয়েক জন তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে বলে খবর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ০৮:৪৫

বৃহস্পতিবার বিকেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশের অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। শেক্সপিয়র থানার পুলিশের একটি দল এ দিন অভিষেকের অফিসে পৌঁছোয়। সেই সময় অভিষেক অফিসেই উপস্থিত ছিলেন। পুলিশ কর্মীরা অফিসের সামনে পৌঁছোতেই রাস্তায় তাঁদের সঙ্গে তৃণমূল কর্মীদের তর্কাতর্কি শুরু হয়। পরে অফিসের কর্মীদের বাইরে বের করে দিয়ে কলকাতা পুরসভার আধিকারিক এবং পুলিশ কর্মীরা ভিতরে প্রবেশ করেন। কলকাতা পুরসভার একটি নোটিশ দেখিয়েই পুলিশ অফিসে ঢোকে বলে জানা গিয়েছে। পুলিশকে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তিও হয়। সেই ঘটনায় কয়েকজন তৃণমূলকর্মীকে আটক করা হয়েছে বলে খবর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বহুতলের মাথায় ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা একটি সাইনবোর্ড ছিল। ওই সাইনবোর্ড নিয়ে কলকাতা পুরসভা আপত্তি জানিয়েছিল। এরপর পুরকর্মীরা পুলিশের সঙ্গে ওই অফিসে গিয়ে সাইনবোর্ডটি খুলে দেন। পরে সেটি ভেঙে সরিয়ে ফেলা হয়।

অন্য দিকে, তৃণমূলের অভিযোগ, কলকাতা পুলিশ একটি ‘বেআইনি নোটিশ’ নিয়ে ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জোর করে প্রবেশ করে। দলের দাবি, পুলিশ সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চড়াও হয়ে তাঁদের হেনস্থা করে। একই সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদেরও ধাক্কাধাক্কি ও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগ, অফিসের এক মহিলা নিরাপত্তাকর্মীর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। পুরো ঘটনায় তৃণমূলের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছে দল।


Share