Police Suspended

পণ‍্যবাহী গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ, এক ট্রাফিক সার্জেন্টক-সহ দু’জনকে সাসপেন্ড করল লালবাজার, বসিয়ে দেওয়া হল এক সিভিক ভলান্টিয়ারকে

তৃণমূল জমানার রাস্তায় দাঁড়িয়ে পুলিশের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। পালাবদলের পরে রাজ্যের প্রায় সর্বত্রই এই উপদ্রব কমেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে স্পষ্ট জানিয়েছিলেন, রাস্তায় দাঁড়িয়ে পুলিশ কোনও ভাবেই টাকা আদায় করতে পারবে না।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ০১:০৬

পণ‍্যবাহী ট্রাক থামিয়ে চালকের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করল লালবাজার। সেই সঙ্গে এক সিভিক ভলান্টিয়ারকেও কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গত কয়েক দিন আগে ভাঙড়ের ঘটকপুকুর চৌমাথায় পণ‍্যবাহী গাড়িগুলি থেকে টাকা আদায়ের অভিযোগ আসছিল। মুখ্যমন্ত্রীর দফতরের সেই অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই তিন জনের নাম উঠে আসে। গত ২৭ অগস্ট দুই পুলিশকর্মী এবং এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লালবাজার পদক্ষেপ করেছে।

দুই পুলিশকর্মীর নাম নরুল ইসলাম মোল্লা এবং শিবনাথ ঠাকুর। নুরুল ইসলাম মোল্লা ভাঙড় ট্রাফিক  গার্ডের সার্জেন্ট ছিলেন। শিবনাথ ঠাকুর ওই ট্রাফিক গার্ডেরই কনস্টেবল ছিলেন। এ ছাড়াও, সিভিক ভলান্টিয়ার আলি হাসান মোল্লাকে কাজ থেকে অব্যাহতি (পরিভাষা: ডিমোবিলাইজ) দেওয়া হয়েছে। নুরুল ইসলাম মোল্লা এবং শিবনাথ ঠাকুরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

তৃণমূল জমানার রাস্তায় দাঁড়িয়ে পুলিশের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। পালাবদলের পরে রাজ্যের প্রায় সর্বত্রই এই উপদ্রব কমেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে স্পষ্ট জানিয়েছিলেন, রাস্তায় দাঁড়িয়ে পুলিশ কোনও ভাবেই টাকা আদায় করতে পারবে না। খবর এলেই আইন মেনে কঠোর পদক্ষেপ করা হবে। এমন অভিযোগ মুখ্যমন্ত্রীর দফতরে আসতেই পদক্ষেপ করা হল।

উল্লেখ্য, বালির গাড়ি থেকে টাকা আদায়ের অভিযোগে ঝাড়গ্রাম থানার এক কনস্টেবলকে দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছিলেন। তারও আগে হাওড়ার ব‍্যাঁটরা থানার এক পুলিশ আধিকারিককে থানায় বসে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা।


Share