Suvendu Adhikari

ধর্ষণ বা জাতীয় সুরক্ষাকে রক্ষা করার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করলে পুলিশের ‘ঢাল’ হবেন মুখ্যমন্ত্রী, বাহীনিকে বার্তা শুভেন্দু অধিকারীর

বৃহস্পতিবার তারাতলা কাণ্ডে যে পুলিশকর্মীরা সাহসের সঙ্গে কাজ করেছিলেন তা নিয়ে বাহীনির কয়েক জনকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন সন্ধ্যায় লালবাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতা পুলিশ। সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী দু’টি বিষয়ে বিশেষ জোর দিতে বলেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ১০:৫৮

জাতীয় সুরক্ষায় কোনও আপস নয় বলে আগেই পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার তা রক্ষার ক্ষেত্রে পুলিশ যদি কঠোর পদক্ষেপ করে তা হলে তাঁদের ‘ঢাল’ হয়ে দাঁড়াবেন তিনি। বৃহস্পতিবার কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে রাজ‍্যের মুখ্যমন্ত্রী এসে এই বার্তা দিয়েছেন। এ ছাড়াও, ধর্ষণ ঘটনা বা নারী, শিশু নির্যাতনে ক্ষেত্রেও কঠোর কোনও পদক্ষেপ করতে যদি পুলিশ চায় তা হলে তা অবশ্যই তাঁরা করতে পারেন। সে ক্ষেত্রে কারও ‘কথা’ শোনার প্রয়োজন নেই বলেও বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তারাতলা কাণ্ডে যে পুলিশকর্মীরা সাহসের সঙ্গে কাজ করেছিলেন তা নিয়ে বাহীনির কয়েক জনকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন সন্ধ্যায় লালবাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতা পুলিশ। সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী দু’টি বিষয়ে বিশেষ জোর দিতে বলেছেন।

এক, জাতীয় সুরক্ষা দ্বিতীয়টি ধর্ষণ ও নারী নির্যাতন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, দেশপ্রেম সবার আগে। তাই জাতীয় সুরক্ষার সঙ্গে কোনও আপস নয়। জাতীয় সুরক্ষার সঙ্গে জড়িত সবকটি বিষয় অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে বলে তিনি মনে করছেন। তাঁর কথায়, জাতীয় সুরক্ষার সঙ্গে জড়িত কোনও সমস‍্যার বিষয়ে সিদ্ধান্ত নিতে কারও কোনও কথা (নির্দেশ) শোনার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী বলেন, “এ ক্ষেত্রে কারও কথা শুনবেন না। দেশপ্রেম এবং জাতীয় সুরক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে কারও কথা শোনার প্রয়োজন নেই। আপস করবেন না। অশোকস্তের মর্যাদা রাখবেন।”

মুখ্যমন্ত্রীর এমন বার্তা আগেও দিয়েছিলেন। তার পরেই রাজ‍্যে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে একাধিক ব্যক্তি ধরা পড়েছে। গ্রেফতার হয়েছে হামিম মন্ডল এবং রানা রউফের মতো ‘হাই ভ‍্যালু টার্গেট’। তাদের রাজ‍্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে। দু’টি ঘটনা পৃথক হলেও এদের নেটওয়ার্ক ভাঙতে পুলিশ কাজ করে চলেছে। রানা এ রাজ‍্যে কাঠমান্ডু থেকে এসেছিল। এখানে এসে ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিল। রানার একাধিক সহযোগী ধরা পড়েছে। সেই বিষয়টি উল্লেখ না করলেও তিনি সেই দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয়টি যে বিষয়টির ওপরে আপোসহীন ভাবে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তা হল— আরজি করের মতো ঘটনা। মুখ্যমন্ত্রীর বলেন, “যদি এমন কোনও ঘটনা ঘটে তা হলেও কারোও নির্দেশের অপেক্ষা করবেন না। পকসো মামলার ক্ষেত্রেও নির্দেশের দরকার নেই।” পুলিশ বাহীনিকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “এ ক্ষেত্রে যদি কোনও কঠোর পদক্ষেপ আপনারা নেন তা হলে আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের পুলিশমন্ত্রী— আপনাদের সাথে ঢাল হয়ে থাকবে। এটা কথা দিতে পারি।”

আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে পূর্বতন সরকার বিড়ম্বনায় পড়েছিল। সরকারি হাসপাতালের ভিতরে এমন ঘটনা নিয়ে সারা রাজ‍্য তোলপাড় হয়েছিল। পাশাপাশি ঘটনার তথ‍্যপ্রমাণ লোপাট নিয়েও পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাজ‍্যে বিভিন্ন সময়ে ধর্ষণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদল হয়েছে। এর পরে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তা নিয়ে আবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share