Middle East Conflict

এক মাস পরেই ইরানে ফের আমেরিকার অভিযান, লারাক দ্বীপে রকেট ছোড়ার অভিযোগ, পাল্টা জর্ডানে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান আমেরিকার হামলার পালটা জবাবও দেয়। জর্ডানে অবস্থিত আমেরিকার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান পর পর ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ফলে নতুন করে আমেরিকা-ইরান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে।

প্রায় এক মাসের ব্যবধানে ফের ইরানে অভিযান চালাল আমেরিকা।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ১১:৪৩

প্রায় এক মাসের ব্যবধানে ফের ইরানে অভিযান চালাল আমেরিকা। রবিবার হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের লারাক দ্বীপকে লক্ষ্য করে আমেরিকার সেনা দুটি রকেট লঞ্চার ছোড়ে। আমেরিকার অভিযোগ, ইরানের সেনাবাহিনী লারাক দ্বীপ থেকে হরমুজ প্রণালীতে রকেট ও ল্যান্ডমাইন নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল। সেই আশঙ্কাতেই এই অভিযান চালানো হয়েছে বলে ওয়াশিংটনের দাবি। তেহরান আমেরিকার হামলার পালটা জবাবও দেয়। জর্ডানে অবস্থিত আমেরিকার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান পর পর ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ফলে নতুন করে আমেরিকা-ইরান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে।

ইরানের দাবি, রবিবার লারাক দ্বীপে আমেরিকা হামলা চালায়। ওই হামলায় কয়েক জন সামরিক সদস্যের পাশাপাশি সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তেহরান। আরও বেশ কয়েক জন আহত হয়েছেন। এর পালটা জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকাত সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী, কিং হুসেন এবং আল-আজরাক বিমানঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ পরিকাঠামো এবং যুদ্ধবিমানগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে আল আরাবিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি মাঝ আকাশেই ধ্বংস করে দেয়।

উল্লেখ্য, ইরানের প্রধান বন্দর বান্দার আব্বাসের কাছেই অবস্থিত লারাক দ্বীপ। হরমুজ প্রণালীর একেবারে মাঝামাঝি অবস্থানের কারণে কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপ। বিশ্ব বাণিজ্যে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সমুদ্রপথ দিয়েই পরিবহণ করা হত। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইরান লারাক দ্বীপের পাশ দিয়ে যাওয়া তেলবাহী ট্যাঙ্কারগুলিতে তল্লাশি চালাচ্ছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য জাহাজগুলির কাছ থেকে প্রায় ২০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা পর্যন্ত শুল্ক নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

এ দিকে, আমেরিকার সেনা গত সপ্তাহেই হরমুজ প্রণালীকে ল‍্যান্ডমাইনমুক্ত করেছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তাঁর দাবি, আন্তর্জাতিক জলসীমায় পাতা সমস্ত সামুদ্রিক মাইন সরিয়ে ফেলা হয়েছে অথবা নিষ্ক্রিয় করা হয়েছে। একইসঙ্গে হরমুজ প্রণালীতে ফের কেউ মাইন পাতার চেষ্টা করলে ট্রাম্প কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর বার্তা, এমন পরিস্থিতিতে যে কোনও জাহাজ বা নৌকা ধ্বংস করে দেওয়া হতে পারে। এক আমেরিকার আধিকারিকের দাবি, ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গতিবিধির ওপর আমেরিকার সেনা নজর রাখছিল। সেই নজরদারির পরেই লারাক দ্বীপকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছেন ওই আধিকারিক।


Share