Weather Update

সপ্তাহের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে

দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ১২:১৯

সপ্তাহের প্রথম দিনেই ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার, ৩১ অগস্ট কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। বঙ্গোপসাগরের উত্তর ও পশ্চিমাংশে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে।

তবে বৃষ্টি হলেও গরম ও অস্বস্তি থেকে এখনই পুরোপুরি রেহাই মিলবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভ্যাপসা আবহাওয়া বজায় থাকতে পারে। ফলে বাইরে বেরোনোর আগে স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি দেখে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

যদিও শহরে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি খুব একটা কমবে না। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও সাত থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় সাত থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি কম থাকবে। পাহাড়ি এলাকায় আবহাওয়া তুলনামূলক মনোরম থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও স্বস্তিদায়ক থাকতে পারে।


Share