Accident

নিউ ইয়র্কের লা গুয়ারডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, দমকলের ট্রাকে ধাক্কা এয়ার কানাডার বিমানের

সূত্রের খবর, আমেরিকার স্থানীয় সময় রবিবার রাতে মন্ট্রিল থেকে উড়ে এসে নিউ ইয়র্কে অবতরণ করে এয়ার ক্যানাডার সিআরজে-৯০০ বিমানটি। অবতরণের সময়ই এই দুর্ঘটনা ঘটে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা দমকলের গাড়িটিকে ধাক্কা মারে বিমানটি।

দুর্ঘটনাগ্রস্ত বিমান
নিজস্ব সংবাদদাতা, নিউ ইয়র্ক
  • শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০২:৫৯

নিউ ইয়র্কের লা গুয়ারডিয়া এয়ারপোর্টে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। ভারতীয় সময় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বিমানবন্দরের চার নম্বর রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাকে ধাক্কা মারে এয়ার কানাডা-র একটি যাত্রীবাহী বিমান। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ট্রাকে থাকা চার কর্মী-সহ বহু মানুষ আহত হয়েছেন, তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

সূত্রের খবর, আমেরিকার স্থানীয় সময় রবিবার রাতে মন্ট্রিল থেকে উড়ে এসে নিউ ইয়র্কে অবতরণ করে এয়ার ক্যানাডার সিআরজে-৯০০ বিমানটি। অবতরণের সময়ই এই দুর্ঘটনা ঘটে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা দমকলের গাড়িটিকে ধাক্কা মারে বিমানটি।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানটি রানওয়েতে চলমান অবস্থায় ছিল। সেই সময় দমকলের ট্রাকটি রানওয়ে পার হওয়ার চেষ্টা করছিল। তখনই সংঘর্ষ হয়। ট্রাকে থাকা চার জন কর্মী গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি বিমানের যাত্রীদের মধ্যেও অনেকে আঘাত পেয়েছেন। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, মোট আহতের সংখ্যা ১০০-রও বেশি।

ঘটনার পর ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটি অ্যাডভাইজারি জারি করেছে। তার ভিত্তিতে বিমানবন্দরে সাময়িকভাবে সব বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার সন্ধ্যা ছ'টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকতে পারে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে দুর্ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। 


Share