Imran Khan

ইমরানকে দ্রুত হাসপাতালে ভর্তির নির্দেশ! জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

পিটিআইয়ের মুখপাত্র নইম হায়দর পানজুথার দাবি, সুপ্রিম কোর্ট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরানকে শিফা হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই তাঁর চিকিৎসা চলবে।

ইমরান খান।
নিজস্ব সংবাদদাতা, পাকিস্তান
  • শেষ আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ০৩:৫৩

দীর্ঘ দিন ধরেই ইমরানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) এবং তাঁর পরিবারের অভিযোগ ছিল, জেলে থাকার কারণে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। অবিলম্বে তাঁর উন্নত চিকিৎসার দাবিও জানানো হয়েছিল। আদিয়ালা জেলের সাম্প্রতিক একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পর ইমরানের স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এরপরই তাঁর পরিবার আদালতের দ্বারস্থ হয়। পিটিআইয়ের মুখপাত্র নইম হায়দর পানজুথার দাবি, সুপ্রিম কোর্ট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরানকে শিফা হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই তাঁর চিকিৎসা চলবে। পাশাপাশি, সপ্তাহে অন্তত এক দিন পরিবারের সদস্যদের সঙ্গে ইমরানের সাক্ষাতের ব্যবস্থাও করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। ওই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকের পাশাপাশি তাঁর বোন উজ়মা খানও থাকবেন। উজমা নিজেও চিকিৎসক। তবে ইমরানের মেডিকেল রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না এবং কোনও রাজনৈতিক উদ্দেশ্যেও তা ব্যবহার করা যাবে না বলে শীর্ষ আদালত স্পষ্ট করেছে।

২০২৩ সালের অগস্ট থেকে ইমরান জেলবন্দি। তোষাখানা দুর্নীতি-সহ একাধিক মামলায় তাঁর সাজা হয়েছে। ২০২২ সালে ক্ষমতা হারানোর পর থেকেই তিনি দাবি করে আসছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে একের পর এক মামলায় জড়িয়ে জেলে পাঠানো হয়েছে। গত বছর তাঁর দুই পুত্রও বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ বার ইমরানকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের এই সিদ্ধান্তকে পিটিআই স্বাগত জানিয়েছে তাঁর দল।


Share