Middle East Conflict

‘হরমুজ এ বার আমেরিকার ভূখণ্ড’! ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি ইরানের

যদিও তাঁর সেই দাবি ইরান সরাসরি খারিজ করেছে। তেহরানের পাল্টা বক্তব্য, হরমুজ প্রণালী বর্তমানে বন্ধই রয়েছে। ওয়াশিংটন তাদের নীতি পরিবর্তন না করা পর্যন্ত এই জলপথ বন্ধ থাকবে বলেও ইরান জানিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ১২:০৫

হরমুজ প্রণালীকে আমেরিকার ‘ভূখণ্ডে’ অন্তর্ভুক্ত করার ইচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের। বার বারই তিনি দাবি করেছেন, ইরানকে পরাস্ত করার পর আমেরিকা কৌশলগত ভাবে হরমুজ প্রণালীর দখল নেবে আমেরিকা। দুই দেশের টানাপড়েনের মধ্যেই এ বার একটি ছবি শেয়ার করে হরমুজকে ‘নতুন আমেরিকার ভূখণ্ড’ বলে ট্রাম্প দাবি করেছেন। যদিও তাঁর সেই দাবি ইরান সরাসরি খারিজ করেছে। তেহরানের পাল্টা বক্তব্য, হরমুজ প্রণালী বর্তমানে বন্ধই রয়েছে। ওয়াশিংটন তাদের নীতি পরিবর্তন না করা পর্যন্ত এই জলপথ বন্ধ থাকবে বলেও ইরান জানিয়েছে।

রবিবার নিজের ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালীর একটি ছবি পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৮ অগস্টও তিনি এই একই ছবি প্রকাশ্যে এনেছিলেন। তার কয়েক দিন আগে লং আইল্যান্ডের একটি পুলিশ অ্যাকাডেমিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘‘খুব শীঘ্রই আমি হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসাবে ঘোষণা করব।’’ রবিবার সমাজমাধ্যমে ছবি পোস্ট করে সেই ঘোষণাই কার্যত করলেন তিনি।

তবে ট্রাম্পের এই দাবিকে ইরান বিশেষ গুরুত্ব দিতে নারাজ। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসীন রেজাই জানিয়েছেন, আমেরিকা তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত, কিংবা নিজেদের আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত তেহরান হরমুজ প্রণালী পুনরায় খুলবে না। শুধু কথায় নয়, এ ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্টকে বাস্তবে পদক্ষেপ করতে হবে বলেও তিনি জানিয়েছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন পোস্ট আমেরিকা ও ইরানের মধ্যে চলা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।

অন্য দিকে, ইরান হরমুজ প্রণালী বন্ধ রয়েছে বলে দাবি করলেও সম্প্রতি সেখানে জাহাজ চলাচল বেড়েছে বলে জানা গিয়েছে। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। আমেরিকার সামুদ্রিক বাণিজ্য সংক্রান্ত তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে প্রায় ২০০টি জাহাজ হরমুজ প্রণালী পার করেছে। তার আগের সপ্তাহে এই সংখ্যা ছিল প্রায় ১৫০। ট্রাম্পের দাবি, এখনও পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এক হাজারেরও বেশি জাহাজকে ‘এসকর্ট’ করে পার করিয়েছে। অর্থাৎ, ইরানের সম্ভাব্য হামলা থেকে জাহাজগুলিকে রক্ষা করতে নিরাপত্তা দিয়েছে মার্কিন নৌবাহিনী। আমেরিকার প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, এক দিনে ওই জলপথ দিয়ে প্রায় এক কোটি ৬০ লক্ষ ব্যারেল তেল পরিবহণ হয়েছে। এর পাশাপাশি, ইরানের উপর আরও এক দফা আর্থিক চাপ তৈরি করার প্রস্তুতিও নিচ্ছে আমেরিকা বলে জানা গিয়েছে।


Share