Plane Clash

অবতরণের সময় আলাস্কায় ভেঙে পড়ল চার্টার বিমান, আট আরোহীর খোঁজে তল্লাশি-উদ্ধার অভিযান

জনসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের দিকে কেপ নিউএনহামের কাছে অবতরণের সময়ই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আট জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল চার্টাড বিমান।
নিজস্ব সংবাদদাতা, আলাস্কা
  • শেষ আপডেট: ২১ আগস্ট ২০২৬ ১১:৪৬

আমেরিকার আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছে বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়ল একটি চার্টার বিমান। বিমানটিতে দুই পাইলট-সহ মোট আট জন ছিলেন বলে জানা গিয়েছে।

আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুই পাইলট এবং ছ’জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পর তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক ভাবে কোনও তথ্য তাঁর কাছে নেই বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। সিকিউরিটি এভিয়েশন পরিচালিত দুই ইঞ্জিনের সেসনা বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে উড়েছিল। জনসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের দিকে কেপ নিউএনহামের কাছে অবতরণের সময়ই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরই আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। দুর্ঘটনার বিষয়ে এর বেশি তথ্য প্রকাশ না করে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোনও তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন রিপাবলিকান সেনেটর লিসা মুরকোস্কি। সমাজমাধ্যমে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘আজ কেপ নিউএনহামে বিমান দুর্ঘটনার খবর জানার পর আমি আলাস্কার বাসিন্দাদের সঙ্গে শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি আলাস্কার বিভিন্ন এলাকায় সিকিউরিটি এভিয়েশনের বিমানে ব্যাপকভাবে ভ্রমণ করেছি এবং তাদের অনেক অভিজ্ঞ পাইলটের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে।’’

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সাড়া দেওয়ার জন্য আমি আমেরিকান কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স এবং রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের প্রতি কৃতজ্ঞ। আলাস্কার বিমানটিতে থাকা ব্যক্তিদের, তাঁদের প্রিয়জনদের এবং সিকিউরিটি এভিয়েশনের দলের জন্য প্রার্থনা করছে।”


Share