Seizure of Heroin

পুজোর আগে নেশা-বিরোধী অভিযানে বড় সাফল্য, ৬৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার দুই

শুক্রবার ধৃত দু’জনকে কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হবে।

উদ্ধার হয়েছে হেরোইন
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৩:৪৬

পুজোর মুখে নেশা-বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬৪৫ গ্রাম হেরোইন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের নাম শাহাবাজ আলী ও জামদের আলী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালায়। সেখানে তল্লাশি চালানো হয়। অভিযুক্তদের কাছ থেকে হেরোইন এবং নগদ টাকা উদ্ধার হয়।পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদক কারবারের পিছনে বড় কোনও চক্রের যোগ থাকতে পারে। সেই চক্রের সঙ্গে ধৃতদের কী সম্পর্ক, কোথা থেকে মাদক আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার ধৃত দু’জনকে কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।


Share