BJP Leader Arrested

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে তোলাবাজি করতে গিয়ে গ্রেফতার রানাঘাটের বিজেপি নেত্রী, প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি

ধৃতের নাম পিয়ালী বিশ্বাস। তিনি কৃষ্ণগঞ্জের একটি মন্ডলের প্রাক্তন সভাপতি ছিলেন। তাঁকে রানাঘাট থানা তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর দু’টি স্কুটি বাজেয়াপ্ত করেছে।

বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস।
বিশ্ব বন্দ‍্যোপাধ‍্যায়, রানাঘাট
  • শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১০:৪৫

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে তোলাবাজির জন্য গ্রেফতার হল রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস। গত রাতে তাঁর দু’টি স্কুটি থেকে মদের বোতলও উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, কেন তাঁকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের হেনস্থাও করেন।

পিয়ালী বিশ্বাস কৃষ্ণগঞ্জে দলের মণ্ডল সভানেত্রী হিসেবে কাজ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি গত রাতে দলবল নিয়ে স্থানীয় একটি ক্লাবে যান। সেখানে ক্লাবের জমানো টাকা তাঁর হাতে তুলে দিতে হবে দাবি করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে তোলাবাজি করতে পিয়ালী এসেছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে রানাঘাট থানা পিয়ালীকে গ্রেফতার করেছে। স্কুটি থেকে মদের বোতলও উদ্ধার করা হয়েছে। পুলিশ দু’টি স্কুটি বাজেয়াপ্ত করেছে।

এই বিজেপি নেত্রীর পিছনে জেলায় দলের অন‍্যতম দুই সাধারণ সম্পাদক এবং এক বিধায়কের প্রত্যক্ষ মদত রয়েছে। পিয়ালিকে ছাড়ানোর জন্য তাঁরা থানায় ফোন করেছিলেন। কিন্তু পুলিশ ‘কলকাতার নির্দেশ’ রয়েছে বলে জানিয়ে দেয়।

এ দিন রানাঘাট থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে ওই বিজেপি নেত্রীকে কেন গ্রেফতার করা হল তা জানতে প্রশ্ন করা হয়। কিন্তু তা শোনার পরেই কার্যত ক্ষুদ্ধ হন পিয়ালী বিশ্বাস। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেন। আদালত অভিযুক্ত বিজেপি নেত্রীকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।


Share