Human Trafficking

কাজের টোপ দিয়ে ছয় নাবালককে পাচারের চেষ্টা শান্তিপুরে! উদ্ধার করল পুলিশ, অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি

পরিবারের সদস্য ও স্থানীয়দের তৎপরতায় শ্মশান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের। মোবাইল ও রুপোর গয়না লুটের অভিযোগে অভিযুক্তদের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

শান্তিপুর থানা
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৬:২৩

পুজোর মরসুমে ঠাকুর ও বাজনা দেখতে বেরিয়ে ছিল ছ’জন নাবালক। তাঁর পরেই নিখোঁজ হয়ে যায়। অভিযোগ, তাঁদের কাজের প্রলোভন দেখিয়ে পাচার করার চেষ্টা করা হয়েছে। নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বড়ডাঙ্গা পাড়া ও মেথির ডাঙ্গার এই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও শেষপর্যন্ত পরিবারের তৎপরতায় ও স্থানীয়দের সহায়তায় শ্মশান সংলগ্ন এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের কাছে থাকা মোবাইল ফোন ও রুপোর গয়না ছিনতাই হয়েছে গিয়েছে বলে পরিবার দাবি করেছে। অভিভাবকেরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে মেথিরডাঙ্গা ও বড়ডাঙ্গা পাড়ার ছয় কিশোর একটি ভ্যান নিয়ে এলাকায় বাজনার আওয়াজ শুনে ঠাকুর দেখতে বের হয়। অভিযোগ, সেই পথে একটি স্লুইস গেটের কাছে একটি মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতপরিচয় দুই যুবক তাঁদের পথ আটকায়। তাঁরা নাবালকদের জানায়, তাঁদের দিয়ে ফুল তোলা ও পাতা কাটানোর কাজ করানো হবে। এই প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হবে। টাকার লোভে পড়ে নাবালকেরা দুই যুবকের কথায় রাজি হয়ে যায়।

এর পরে অভিযুক্তেরা প্রথমে কৌশলে ছ’জন কিশোরকে একটি নির্জন বাড়ির দিকে নিয়ে যায়। এরপর তাঁদের কয়েক জনকে ভট্টিপাড়ার শ্মশানঘাটের নির্জন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেখানে নিয়ে গিয়ে অভিযুক্তেরা বলে, সামনে মদ্যপদের ভিড় রয়েছে। তাই নিরাপদে রাখার নাম করে তাঁদের গলার রুপোর হার, হাতের ব্রেসলেট, ঘড়ি ও মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেয়। এমনকী, বাড়ির সঙ্গে যাতে কোনও যোগাযোগ না করা যায়, সেজন্য ফোনগুলিকে বন্ধ করে দেওয়া হয় বলে দাবি।

পরিস্থিতি বেগতিক বুঝে প্রীতম তালুকদার নামের এক নাবালক কোনোমতে দুষ্কৃতীদের হাত থেকে পালিয়ে গিয়ে অন্যদের সতর্ক করে। অন্য এক কিশোর শ্মশানের কাছাকাছি এক পথচারীর মোবাইল থেকে বাড়িতে ফোন করে কান্নায় ভেঙে পড়ে। পরিবারের সদস্যদের গোটা ঘটনাটি নিয়ে অবগত করে। খবর পেয়ে অভিভাবক ও প্রতিবেশীরা তড়িঘড়ি এলাকায় গিয়ে বহু খোঁজাখুঁজির পর ওই নাবালকদের উদ্ধার করেন। ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।

ঘটনার পর আতঙ্কিত পরিবারগুলি উদ্ধার হওয়া সন্তানদের নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। নিখোঁজ এক নাবালকের মা শতরূপা মান্না ও অঞ্জনা বৈরাগী জানান, "কাজের নামে যে ভাবে বাচ্চাগুলোকে ভুলিয়ে নিয়ে গিয়ে গয়না ও ফোন লুট করে আটকে রাখা হয়েছিল, তাতে বড়সড় পাচারের ছক ছিল। আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" 

অভিযোগের ভিত্তিতে সিসি ক‍্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।কিশোরদের দেওয়া বর্ণনার ওপর ভিত্তি করে পলাতক অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।


Share