Madhubanti Mukhopadhay

আবার ‘সেকুলার গান’ গাওয়ার নিদান! লগ্নজিতার ঘটনার পুনরাবৃত্তি, মাজদিয়ায় হেনস্থার শিকার শিল্পী মধুবন্তী

শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায় বলেন, “তাঁর মনের মতোই গান পরিবেশন করবে। আমি জানি না সেকুলার গান কী এবং কেন তা গাইতে বলা হচ্ছে। এরকমটা হতে চললে শিল্পীদের সম্মান কোথায় যাবে? আমাদের কি স্বাধীনতা থাকবে না?”

শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৪:১১

গত কয়েক দিন গানের অনুষ্ঠানে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে স্টেজে উঠে হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার পরে লগ্নজিতার পাশে দাঁড়ানোর জন্য বাতিল হয় পল্লব কীর্তনিয়ার গানের অনুষ্ঠান। এ বার আরেক গায়িকা মধুবন্তী মুখোপাধ্যায়কে, তাঁর গানের অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ উঠল। দেওয়া হল ‘সেকুলার গান’ গাওয়ার নিদান। তা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন গায়িকা।

ঘটনাটি ঘটেছে নদিয়ার মাজদিয়ায়। সেই নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্টে করে শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায় জানিয়েছেন, “গত পরশুদিন নদিয়ার মাজদিয়ায় আমার একটি লোকসংগীতের অনুষ্ঠান ছিল। সেখানে লোকসংগীত গাওয়ার কথা ছিল। উদ‍্যোক্তাদের কথা মতো আমি সেখানে আমার ব‍্যান্ডকে নিয়ে পৌঁছোই।” শিল্পীর কথায়, শাহ আব্দুল করিমের ‘তোমরা কুঞ্জ সাজাও’ গানটি গাওয়া শুরু করেন। গানটি গাওয়ার সময় দর্শকেরা সহযোগিতা করলেও, শেষের দিকে এক ব‍্যক্তি আচমকা স্টেজে উঠে আসে। অভিযোগ, এর পরেই তাঁর হাত থেকে মাইক ছিনিয়ে নিয়ে বলে, ‘এই জাতপাতের গান আমরা শুনবো না।’ এর পরেই ওই ব‍্যক্তি শিল্পীকে ‘সেকুলার গান’ গাওয়ার জন‍্য নিদান দেন। শিল্পী বলেছেন, ওই ব‍্যক্তি কোনও ধর্মীয় গান শুনব না বলেও চেঁচামেচি শুরু করেন।

যদিও ঘটনায় কারোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেননি শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। তিনি জানান, “আমি তার বিরুদ্ধে পদক্ষেপ নিতাম। কিন্তু নিইনি কারণ, ওখানকার কমিটির সদস্যেরা খুবই ভাল। যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তিনি সোজা মঞ্চে উঠে ওই ব‍্যক্তির হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন।” মধুবন্তীর কথায়, এর পরেই মূল উদ‍্যোগক্তা হাতে মাইক নিয়ে বলেন, “যার গান শুনতে ইচ্ছা হবে না সে চলে যেতে পারেন। শিল্পী তাঁর মনের মতোই গান পরিবেশন করবে।” শিল্পী মধুবন্তী বিষ্মিত গলায় বলেন, “আমি জানি না সেকুলার গান কী এবং কেন তা গাইতে বলা হচ্ছে। এমনটা হতে থাকলে শিল্পীদের সম্মান কোথায় যাবে? আমাদের কি স্বাধীনতা থাকবে না?”

প্রসঙ্গত, গত কয়েক দিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীর একটি বেসরকারি স্কুলে গানের ছিল। তবে সেখানে তিনি ‘জাগো মা’ গান গাওয়াতেই কমিটির এক সদস্য মঞ্চে উঠে তাঁকে ‘সেকুলার গান’ গাইতে বলে। এমনকি কটুক্তি করতেও পিছপা হয়নি। তাঁকে ধরে মারতে উদ্যত হয় ওই ব‍্যক্তি। পুলিশ ইতিমধ্যেই মেহেবুব মল্লিক নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ দিকে লগ্নজিতার পাশে দাঁড়ানোর জন্য গায়ক পল্লব কীর্তনীয়ার একটি অনুষ্ঠান বাতিল হয়ে যায়। এহেন ঘটনার জন্য সবাই শাসক দলকেই দায়ী করছে। আর এ বার সেই তালিকায় নাম লেখালেন গায়িকা মধুবন্তী মুখোপাধ্যায়।


Share