Unnatural Death

লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে জিনিসপত্র, বাড়ির ভিতর থেকে বৃদ্ধার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

দরজা খুললে দেখা যায় ঘরের ভেতরে বিছানার ওপর দীপালি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিল। আলমারির তালাও ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১০:৩৭

ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। পাশেই খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক বৃদ্ধা। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। নদিয়ার বীরনগর এলাকায় ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। মৃতার নাম দীপালি মজুমদার (৬০)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রের জানা গেছে, বীরনগরের লাইব্রেরি পাড়া এলাকায় দীপালি একাই থাকতেন। তাঁর স্বামী লক্ষণ মজুমদার কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন। সকাল থেকে দীপালি দেবীর ফোন বন্ধ ছিল। ফলে সন্দেহ হয় সকলের। প্রতিবেশীরা লক্ষ্য করেন, বাড়ির দরজায় বাইরে থেকে তালা দেওয়া। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয় ।

পরে দরজা খুললে তাঁরা দেখেন, ঘরের ভেতরে বিছানার ওপর দীপালি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিল। আলমারির তালাও ভাঙা ছিল। পরিবারের সন্দেহ, দুষ্কৃতীরা চুরি বা ডাকাতি করতে এসেছিল। 

এরপর তাহেরপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, বাড়ির ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ খুনের পাশাপাশি ডাকাতির সম্ভাবনাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।


Share