Fake Aadhar Card

এসআইআর আবহে ভুয়া আধার কার্ড তৈরি অভিযোগ নদিয়ায়, গ্রেফতার তিনজন, চলছে জিজ্ঞাসাবাদ

অভিযুক্তদের থেকে আধার সংক্রান্ত ভুয়ো রসিদ ফর্ম-সহ একাধিক অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে দুটি ল্যাপটপ, প্রিন্টার, আইরিস স্ক্যানার, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার-সহ অন্যান্য ইলেকট্রনিক্স সরঞ্জাম আইনানুগ পদ্ধতি মেনে বাজেয়াপ্ত করা হয়েছে।

ভুয়ো আধার নথি তৈরির অভিযোগে গ্রেফতার তিন দুষ্কৃতী।
নিজস্ব সংবাদদাতা, হাঁসখালি
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১১:১৭

ভুয়ো আধার নথি তৈরির অভিযোগে গ্রেফতার তিন দুষ্কৃতী। জালিয়াতির অভিযোগে হাঁসখালি থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশকর্মী নগরপোতা এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই তিন জনকে পাকড়াও করে পুলিশ।

ধৃতদের নাম হাসিবুর রহমান মণ্ডল (৩৫), গৌরব সরকার (৩১), দীপঙ্কর সরকার (৩৩)। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ নগরপোতা এলাকায় অভিযান চালায়। সেখানে নদিয়ার বাসিন্দা হাসিবুর রহমান মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। জানা গিয়েছে, তার কাছ কম্পিউটার ও বিশেষ সফটওয়্যারের হদিশ মিলেছে। যার সাহায্যে নাম পরিবর্তন, শিশুদের আধার নথিভুক্তিকরণ সংক্রান্ত তৈরির কাজ করত। 

জিজ্ঞাসাবাদে ধৃতরা কেউই কোনও বৈধ নথি দেখাতে পারেনি। তাদের কাছ থেকে আধার বিভাগের লাইসেন্সও পাওয়া গিয়েছে। যা সম্পূর্ণ ভুয়ো বলেই অভিযোগ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ এ-ও জানতে পেরেছে, জাল আধার কার্ড তৈরি করে মোটা টাকা আদায় করা হয়েছে।

এ ছাড়াও, অভিযুক্তদের থেকে আধার সংক্রান্ত ভুয়ো রসিদ ফর্ম-সহ একাধিক অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে দুটি ল্যাপটপ, প্রিন্টার, আইরিস স্ক্যানার, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার-সহ অন্যান্য ইলেকট্রনিক্স সরঞ্জাম আইনানুগ পদ্ধতি মেনে বাজেয়াপ্ত করা হয়েছে।

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি চলছে। সেখানে আধার কার্ড প্রমাণ‍্য নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে। অতীতেও জাল আধার কার্ড চক্রের তদন্তে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজাদ মল্লিক নামে এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। অভিযুক্তেরা কাদের এই ভাবে আধার কার্ড বানিয়ে দিয়েছে, তা জানতে পুলিশ দফায় দফায় জেরা করছে।


Share