Molestration

দোকানে খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

অভিযোগ, খাবার কিনতে গেলে শিশুটিকে দোকানের ভিতরে ডেকে নিয়ে অশালীন আচরণ করা হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৬

দোকানে খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের মোল্লাবের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শান্তিপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকেলে বাড়ির কাছেই ওই শিশুটি একটি মুদির দোকানে খাবার কিনতে গিয়েছিল। তার বয়স পাঁচ বছর। বাড়ি থেকে দোকানটির দূরত্ব প্রায় ১০০ মিটার। অভিযোগ, দোকানদার শিশুটিকে দোকানের ভিতরে ডেকে নিয়ে যান। সেখানে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়।

ঘটনার পর ভয় পেয়ে কোনওরকমে দোকান থেকে বেরিয়ে শিশুটি বাড়ির দিকে চলে আসে। পথে স্থানীয় এক মহিলা তাকে কাঁপতে দেখে কারণ জানতে চান। তবে ভয়ে সে তখন কিছু বলতে পারেনি। বাড়ি ফিরে ঠাকুমার কাছে সে পুরো ঘটনা জানায়। এরপর পরিবারের তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শিশুটির বাবার দাবি, অভিযোগ পাওয়ার প্রায় দু’ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত দিনবন্ধু বিশ্বাসকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে শিশুটির পরিবার। একইসঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে পরিবার।


Share