Robbery

ধনতেরাসের মুখে ডাকাতি! সাঁকরাইলে সোনার দোকানে মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়না নিয়ে চম্পট তিন দুষ্কৃতীর

হাওড়ার সাঁকরাইলের ঝোরহাট এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বাধা দিতে গেলে মালিককে মারধরও করা হয়। গোটা লুটপাটের ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

লুটপাটের ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
নিজস্ব সংবাদদাতা, সাঁকরাইল
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০২:০৩

একদিন পরেই ধনতেরাস। সোনার দোকানে প্রস্তুতিও তুঙ্গে। এরই মধ্যে বুধবার রাতের ব্যস্ত সময়ে সোনার দোকানে হানা দিল তিন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের মালিককে ভয় দেখানো হয়। পাশাপাশি তাঁর গলা চেপে ধরে লুটপাট চলে। অভিযোগ, বাধা দিতে গেলে মালিককে মারধরও করা হয়। প্রায় আধ ঘণ্টা ধরে দোকানের সমস্ত সোনার গয়না লুট করা হয়। তারপর বাইকে চেপে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার সাঁকরাইলের ঝোরহাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। তার কিছুক্ষণ আগেই দোকান থেকে ক্রেতারা বেরিয়ে যান। সেই সুযোগে একটি বাইকে করে তিনজন দোকানে আসে। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দু'জন মাস্ক দিয়ে মুখ ঢেকেছিল। দোকানে ঢুকেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা মালিককে নিয়ন্ত্রণে নেয়। এরপর তাঁর গলা চেপে ধরে লুটপাট শুরু হয়। বাধা দেওয়ার চেষ্টা করলে দোকানের মালিককে মারধর করা হয় বলেও অভিযোগ।

প্রায় ৩০ মিনিট ধরে দুষ্কৃতীরা দোকানে তাণ্ডব চালায়। এরপর সোনার গয়না নিয়ে এলাকা ছেড়ে তিনজন পালিয়ে যায়। গোটা লুটপাটের ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তবে ঠিক কত টাকার গয়না খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছোয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযুক্ত তিনজনের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এভাবে ডাকাতির ঘটনায় ঝোরহাট এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।


Share