BJP Worker Injured

হরিদেবপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, গ্রেফতার বন্ধু

কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক আক্রোশ নাকি ব‍্যবসায়ীক কারণ তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে। হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হরিদেবপুরে বিজেপি কর্মীকে খুনের চেষ্টা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৭:৫৯

হরিদেবপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা। ওই বিজেপি কর্মীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম বিজেপি কর্মীর নাম প্রদীপ মন্ডল (৪৫)। তিনি পেশায় নির্মাণ ব্যবসায়ী বলে জানা গিয়েছে। ঘটনায় তাঁর বন্ধুকে হরিদেবপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। 

পুলিশ সূত্রের খবর, প্রদীপ মণ্ডল পেশায় প্রোমোটার। পাশাপাশি নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। উদয়াচল-রামকান্তপুর এলাকায় একটি নির্মাণ সামগ্রীর গুদাম রয়েছে। অভিযোগ, গতকাল রাতে দোকানের ভিতরেই তাঁর ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেটে পর পর আঘাত করা হয়েছে।

রাত প্রায় ১২টা নাগাদ প্রদীপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এরপর তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। তাঁরা দোকানে গিয়ে দেখেন— প্রদীপ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনায় প্রদীপের বন্ধু গোপাল বাগকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার রাতে গোপাল প্রদীপের সঙ্গেই ছিলেন বলে পুলিশ সূত্র দাবি করেছে। এমনকী, প্রদীপের সঙ্গে মারপিট হচ্ছে বলে তিনি পাশের বাড়িতেও খবর দিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রদীপ আগে তৃণমূল করত। বিধানসভা নির্বাচনের পরে বিজেপির পতাকার নীচে আসেন। 

কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক আক্রোশ নাকি ব‍্যবসায়ীক কারণ তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে। হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


Share