Cannabis Seized

ট্রেনে চেপে মাদক পাচার! ডানকুনি স্টেশনে তিন মহিলার ব্যাগ থেকে উদ্ধার ৩৮ কেজি গাঁজা

ডানকুনি স্টেশনে রেল পুলিশের জালে তিন মহিলা মাদক পাচারকারী। চারটি ব্যাগ থেকে উদ্ধার ৩৮ কেজি গাঁজা। নিউ জলপাইগুড়ি থেকে মাদক এনে ডানকুনি ও সংলগ্ন এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

ডানকুনি স্টেশনের কাছে গাঁজা-সহ রেল পুলিশের হাতে ধরা পড়লেন তিন মহিলা
নিজস্ব সংবাদদাতা, ডানকুনি
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৯:৪৭

ডানকুনি স্টেশনের কাছে বিপুল পরিমাণ গাঁজা-সহ রেল পুলিশের হাতে ধরা পড়লেন তিন মহিলা। তাঁদের সঙ্গে থাকা চারটি ব্যাগ থেকে মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পিঠব্যাগ ও সাইড ব্যাগে ভরে ওই মাদক পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। কোথা থেকে এই মাদক আনা হয়েছিল এবং কোথায় তা বিক্রির পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রেল পুলিশ সূত্রে খবর, গত ১ নভেম্বর গোপন সূত্রে খবর আসে, ১২২০৪ / ১২৩৮৩ নম্বর এসএমবিটি বেঙ্গালুরু-হামসাফার এক্সপ্রেসে গাঁজা-সহ অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ডানকুনি স্টেশনে নজরদারি বাড়ায় রেল পুলিশ। সাদা পোশাকে পুলিশের একটি দল স্টেশনের ওভারব্রিজের নিচে শুরু করে তল্লাশি।

সেই সময় ভিড়ের মধ্যে চারটি ব্যাগ নিয়ে তিন মহিলাকে যেতে দেখা যায়। পুলিশের তল্লাশি শুরু হতে তাঁরা ব্যাগগুলি রেখে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ আটক করে। এরপর ব্যাগ খুলতেই বিপুল পরিমাণ গাঁজা বেরিয়ে আসে। চারটি ব্যাগে মোট ৩২টি প্যাকেটে ব্রাউন টেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল ৩৮ কেজি মাদক।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, নিউ জলপাইগুড়ি থেকে ওই গাঁজা সংগ্রহ করেছিলেন তাঁরা। ডানকুনি ও সংলগ্ন এলাকায় তা বিক্রির পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জেরায় ওই তিন মহিলা আরও কয়েকজন সহযোগীর কথা জানিয়েছেন। তাঁদের দাবি, সহযোগীরাও এই পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তবে পুলিশের তল্লাশির আঁচ পেয়ে ভিড়ের সুযোগে তাঁরা পালিয়ে যান। পলাতক অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ।


Share