Medicine Sized

দুর্গাপুরের বাড়িতে বিপুল পরিমাণ ওষুধের মজুত! উদ্ধার ২ লক্ষ ৮৪ হাজার ট্যাবলেট ও ২৮৫ বোতল সিরাপ, গ্রেফতার বাড়ির মালিক

দুর্গাপুরের একটি বাড়ি থেকে ৪৭৪টি বাক্সে মজুত ২ লক্ষ ৮৪ হাজার ৪০০টি অ্যালপ্রাজ়োলাম ট্যাবলেট এবং ২৮৫ বোতল সিরাপ উদ্ধার করল পুলিশ। নিষিদ্ধ ওষুধের কারবারের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দুর্গাপুরে একটি বাড়ি থেকে পুলিশ ২ লক্ষ ৮৪ হাজার ৪০০টি ট্যাবলেট এবং ২৮৫ বোতল সিরাপ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১১:১৯

বাড়ির ভিতরেই মজুত করে রাখা হয়েছিল বিপুল পরিমাণ ওষুধ। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালাতেই সামনে এল চাঞ্চল্যকর ছবি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি বাড়ি থেকে পুলিশ ২ লক্ষ ৮৪ হাজার ৪০০টি ট্যাবলেট এবং ২৮৫ বোতল সিরাপ উদ্ধার করল। এই বিপুল পরিমাণ ওষুধ কী কারণে মজুত করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ বাড়ির মালিককে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার অর্থাৎ ২ নভেম্বর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বিধান পার্কের সেক্টর ২-এ অভিযান চালানো হয়। ১বি/২৭ নম্বর বাড়িতে বিপুল পরিমাণ ওষুধ রাখা রয়েছে বলে তদন্তকারীরা আগেই খবর পেয়েছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই বাড়িটিতে তল্লাশি চালানো হয়। বাড়িটির মালিক সুদীপকুমার মুখোপাধ্যায়।

তল্লাশিতে মোট ৪৭৪টি বাক্স থেকে ২ লক্ষ ৮৪ হাজার ৪০০টি অ্যালপ্রাজ়োলাম ট্যাবলেট উদ্ধার হয়। প্রতিটি ট্যাবলেটের মাত্রা ০.৫ মিলিগ্রাম। পাশাপাশি ২৮৫টি বোতলে রাখা প্রায় ২৯ লিটার সিরাপও বাজেয়াপ্ত করা হয়েছে। এত বিপুল পরিমাণ ওষুধ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কী কাজে সেগুলি ব্যবহার করার পরিকল্পনা ছিল, সে বিষয়ে বাড়ির মালিক সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া অ্যালপ্রাজ়োলাম ট্যাবলেট ঘুম ও ঝিমুনি আনার পাশাপাশি স্নায়ুকে শিথিল করার কাজে ব্যবহৃত হতে পারে। অন্যদিকে, বাজেয়াপ্ত সিরাপেও নেশার উপাদান রয়েছে বলে জানা গিয়েছে। ফলে এই বিপুল ওষুধের মজুতের পিছনে কোনও অবৈধ ওষুধ পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃত বাড়ির মালিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এত বিপুল পরিমাণ ট্যাবলেট ও সিরাপ কোথা থেকে আনা হয়েছিল, কাদের কাছে সেগুলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই কারবারে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।


Share