Recocet of Drugs

কালীপুজোর আগে কলকাতায় উদ্ধার প্রায় ১৫ কেজি গাঁজা, মাদক হাতবদল হওয়ার আগে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার মুর্শিদাবাদের তিন জন

পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ময়দান থানা এলাকার এসপ্ল্যানেড বাসস্ট্যান্ডের কাছে সাউথ ডিভিশনের পিডব্লিউডি সাইট অফিসের সামনে অভিযান চালান লালবাজারের নারকোটিক সেলের গোয়েন্দারা।

কলকাতা থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০১:৩৫

কালীপুজোর আগে আবার শহর থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। ধর্মতলার বাসস্ট্যান্ড থেকে তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাজেয়াপ্ত গাঁজা ওড়িশা থেকে আনা হচ্ছিল বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ময়দান থানা এলাকার এসপ্ল্যানেড বাসস্ট্যান্ডের কাছে সাউথ ডিভিশনের পিডব্লিউডি সাইট অফিসের সামনে অভিযান চালান লালবাজারের নারকোটিক সেলের গোয়েন্দারা। সেখান থেকেই সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের ব‍্যাগে তল্লাশি চালানোর সময় বিপুল পরিমাণ গাঁজা মেলে।

ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্ত হওয়া গাঁজা ওজন করা হয়। মোট ১৪ কেজি ৫৫৯ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। সাক্ষীদের উপস্থিতে গোটা ঘটনার ভিডিয়োগ্রাফি করা হয়েছে। ঘটনায় ময়দান থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম— আব্দুল হক ওরফে বাবু (৪৮), আঞ্জু শেখ (৩২) এবং আতাবুর শেখ। তিনজনই মুর্শিদাবাদের বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতেরা ওড়িশার কালাহান্ডি জেলার নারলা থেকে গাঁজা নিয়ে কলকাতায় এসেছিলেন। কলকাতা ও আশপাশের এলাকায় বিভিন্ন মাদক কারবারির কাছে ওই গাঁজা বিক্রির পরিকল্পনা ছিল বলে অভিযোগ।

বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। কার কাছে গাঁজা পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানার চেষ্টা করা হবে। ওড়িশার কার কাছ থেকে গাঁজা নিয়ে আসা হচ্ছিল তা-ও জানার চেষ্টা করা হবে বলে লালবাজারের এক পুলিশকর্তা জানিয়েছেন। 


Share