Delhi Masjid Case

সরকারি দফতর চত্বরে ধর্মীয় স্থাপনা ‘অগ্রহণযোগ্য’, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্য মসজিদ সরাতে চেয়ে হাই কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার

হাই কোর্টের নির্দেশে জমা দেওয়া হলফনামায় কেন্দ্র আরও জানিয়েছে, সেন্ট্রাল ভিস্তা নির্মাণ একটি সর্বোচ্চ জাতীয় গুরুত্বসম্পন্ন সরকারি প্রকল্প। প্রস্তাবিত প্রকল্পের জমির মধ্যেই মসজিদটি পড়ায় নির্মাণকাজ এগিয়ে নিয়ে যেতে সেটি সরানো প্রয়োজন।

দিল্লির কৃষি ভবন চত্বরে একটি মসজিদ রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০২:১৮

দিল্লির কৃষি ভবন চত্বরে একটি মসজিদ রয়েছে। এ বার তা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করতে চায় কেন্দ্রীয় সরকার। তাই মসজিদটি সরানো প্রয়োজন বলে মনে করছে কেন্দ্র। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় দিল্লি হাই কোর্টে হলফনামা জমা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীন ভূমি ও উন্নয়ন দফতর হলফনামায় জানিয়েছে, কোনও কেন্দ্রীয় সরকারি দফতরের চত্বরে স্থায়ী ধর্মীয় স্থাপনা রাখা বা বজায় রাখা একে বারেই গ্রহণযোগ্য নয়। সরকারি সম্পত্তির ধর্মনিরপেক্ষ চরিত্র রয়েছে। তাই সেখানে স্থায়ী ভাবে মসজিদ রাখা সামঞ্জস্যপূর্ণ নয় বলে হলফনামায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, শাস্ত্রী ভবন ও কৃষি ভবনের জমিতে তৈরি হওয়ার কথা সেন্ট্রাল সেক্রেটারিয়েটের পাঁচ নম্বর ভবন। আর সেই প্রস্তাবিত নির্মাণস্থলেই মসজিদটি নির্মাণ করা হয়েছে। ফলে মসজিদ না সরালে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাওয়া কঠিন বলে জানিয়েছে কেন্দ্র।

অন্য দিকে, ‘আজব’ যুক্তি দিয়ে মসজিদ কর্তৃপক্ষের দাবি করছে, ধর্মীয় স্থাপনাটির দীর্ঘ ইতিহাস রয়েছে।সেখানে নিয়মিত নমাজ পড়তে আসা মানুষের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করা উচিত। প্রকল্পের কাজ নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত না নেওয়ার আর্জি জানিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছে তারা।

হাই কোর্টের নির্দেশে জমা দেওয়া হলফনামায় কেন্দ্র আরও জানিয়েছে, সেন্ট্রাল ভিস্তা নির্মাণ একটি সর্বোচ্চ জাতীয় গুরুত্বসম্পন্ন সরকারি প্রকল্প। প্রস্তাবিত প্রকল্পের জমির মধ্যেই মসজিদটি পড়ায় নির্মাণকাজ এগিয়ে নিয়ে যেতে সেটি সরানো প্রয়োজন।

বিকল্প ধর্মীয় স্থানের প্রসঙ্গও তুলে ধরেছে কেন্দ্র। হলফনামায় বলা হয়েছে, ইন্ডিয়া গেটের কাছে কৃষি ভবনের দু’কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ‘শাহী মসজিদ জাবতা গঞ্জ’ নামে একটি মসজিদ রয়েছে। সেটি সর্বসাধারণের জন্য খোলা। কৃষি ভবনের মসজিদে যাঁরা নিয়মিত নমাজ পড়েন, তাঁরা বিকল্প হিসেবে ওই মসজিদে যেতে পারেন বলেও জানিয়েছে সরকার। উল্লেখ্য, কৃষি ভবনের মসজিদে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মী ও আধিকারিকরাও নিয়মিত নমাজ পড়েন।


Share