Calcutta High Court

৬ নভেম্বর পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি জারিতে নিষেধাজ্ঞা হাই কোর্টের, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় রায়দান স্থগিত

বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে আদালত।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৪:৪৮

কলকাতা পুরসভার নির্বাচন ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। আগামী ৬ নভেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য সরকার। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে আদালত।

মামলাকারীদের দায়ের করা আবেদনের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠেছে। ১৪৪টি ওয়ার্ড থেকে সংখ্যা বাড়িয়ে ২০৯টি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানানো হয়েছে।

জানা গিয়েছে, বুধবার বিচারপতিরা মামলার শুনানি শেষে রায় সংরক্ষিত রেখেছেন। আগামী ৬ নভেম্বর পর্যন্ত রাজ্যকে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল। কারণ, রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করেছে। ২০৯টি ওয়ার্ডে ভোট করানোর জন্য বুথ ও ভোটকর্মী সংক্রান্ত প্রস্তুতিও চলছে। এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর রাজনৈতিক মহল ও প্রশাসনের।


Share