Russia Ukraine Aid Centre Attack

ইউক্রেনে ত্রাণ নিতে এসে ভয়াবহ রুশ হামলার শিকার সাধারণ মানুষ! বাঙ্কারে বোমাবর্ষণ, নিহত অন্তত ৪০, নিখোঁজ ৫৯

আমেরিকার দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। তার আগেই এই হামলা নতুন করে উদ্বেগ বাড়াল।

রাশিয়ার হামলার ইউক্রেনে নিহত ৪০ জন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ১০:৪২

যুদ্ধের ভয়াবহতা আরও একবার সামনে এল ইউক্রেনে। ত্রাণ নিতে এসে রুশ বিমান হামলার শিকার হলেন বহু সাধারণ মানুষ। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের কমিসুভাখা গ্রামের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভয়াবহ বোমাবর্ষণের ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও নিখোঁজ ৫৯ জন। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারের এই হামলার ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

যুদ্ধক্ষেত্রের কাছাকাছি হওয়ায় কমিসুভাখা গ্রামের একটি স্কুলের বাঙ্কারকে আশ্রয়স্থল এবং ত্রাণ বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সোমবার আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’-এর উদ্যোগে সেখানে ত্রাণ বিলি করা হচ্ছিল। সেই সময়েই রাশিয়ার বিমান হামলার অভিযোগ উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, স্থানীয় বাসিন্দারা যখন ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন, তখন প্রথম দফায় বোমা ফেলা হয়। এর পর দ্বিতীয় বার হামলা চালানো হয়।
জাপোরিঝিয়া আঞ্চলিক প্রতিরক্ষা কাউন্সিলের সহ-প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, এখনও ৫৯ জনের কোনও খোঁজ মেলেনি। নিহতদের মধ্যে রয়েছেন চার জন পুলিশকর্মী এবং দু’জন উদ্ধারকারী। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষ এবং মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

হামলার ভয়াবহতা ধরা পড়েছে এক নিহত পুলিশকর্মীর বডিক্যাম ফুটেজেও। সেখানে দেখা গিয়েছে, সতর্কবার্তা পেয়ে সাধারণ মানুষ বাঙ্কারে ঢুকছিলেন। ঠিক সেই সময়েই আচমকা বিস্ফোরণ ঘটে। ইউক্রেন পুলিশের দাবি, হামলায় ১.৪ টন বিস্ফোরকযুক্ত তিন টনের রুশ ‘এফএবি (FAB) গ্লাইড বোমা’ ব্যবহার করা হয়েছে।

যদিও সাধারণ নাগরিকদের নিশানা করার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, তারা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ইউক্রেনের ২৫ জন সেনার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকি থেকে অন্তত ৮০০ জন সাধারণ মানুষকে সরানোর জন্য ছয় দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরের দিনই এই হামলা ঘটে। আগামী ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠকের ডাক দিয়েছে আমেরিকা। আমেরিকার দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। তার আগেই এই হামলা নতুন করে উদ্বেগ বাড়াল।


Share