Cash Recovery

দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার এক কোটি টাকা নগদ, মাটি পাচারের টাকা বলে সূত্রের খবর

পুলিশ সূত্রের খবর, সরিষার মঙ্গলবার রাতে তৃণমূলের সরিষার তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই এক কোটি দু’লক্ষ ৭৯ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। দলীয় কার্যালয়টি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে স্থানীয়েরা দাবি করেছে।

সরিষায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৬:১৪

দক্ষিণ ২৪ পরগনা থেকে এক কোটি টাকা নগদ উদ্ধার করল পুলিশ। তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করে এই টাকার হদিস মিলেছে। নগদ টাকা গুলি মাটি পাচারের টাকা বলে পুলিশের একটি সূত্র দাবি করেছে।

পুলিশ সূত্রের খবর, সরিষার মঙ্গলবার রাতে তৃণমূলের সরিষার তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই এক কোটি দু’লক্ষ ৭৯ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। দলীয় কার্যালয়টি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে স্থানীয়েরা দাবি করেছে। তবে দলীয় কার্যালয়টি নির্বাচনের পর থেকেই বন্ধ রয়েছে। সেখানেই তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

কিছু দিন আগে কালীতলা-আশুতি থানায় মাটি চুরি মামলা দায়ের হয়েছিল। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়-সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সুমিত রায়কে পুলিশ হেফাজতে নিয়েছে। সুমিত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই টাকার হদিস মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কেন এই বিপুল পরিমাণ টাকা রাখা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশের অনুমান, মাটি পাচার করতে মদত দেওয়া হয়েছিল। তার বিনিময়ে প্রোটেকশন মানি নেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, ২০১৭ থেকে ২০২৫ সাল অর্থাৎ প্রায় ন'বছরের মধ্যে বিভিন্ন সময় একটি নির্দিষ্ট জমি থেকে বিপুল পরিমাণ মাটি বেআইনি ভাবে কাটা এবং বিক্রি করা হয়েছে ৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা ৷ মাটি চুরি করে যে বিপুল পরিমাণ টাকা মিলেছিল, তা একাধিক জায়গায় পাঠানো হয়েছে ৷ এমনকী বিভিন্ন প্রভাবশালীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি মাটি কাটার টাকা পাঠানো হয়েছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন ৷


Share