Florida Plane Crash

ট্রাম্পের রিসর্টের কাছেই ভয়াবহ বিমান দুর্ঘটনা! ভেঙে পড়ল বিজনেস জেট, ন’জন আরোহীরই মৃত্যু

ডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) তথ্য অনুযায়ী, Learjet 60 মডেলের ওই বিজনেস জেটটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর আগেই ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে সেটি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৫:১১

মাঝআকাশে বিপদ আঁচ করেছিলেন পাইলট। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও শেষরক্ষা হল না। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মাটিতে আছড়ে পড়ল বিমান। তার পরেই ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার আমেরিকার ফ্লোরিডার পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্ট সেক্রেটারি বিমানে থাকা ন’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) তথ্য অনুযায়ী, Learjet 60 মডেলের ওই বিজনেস জেটটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর আগেই ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে সেটি। বাড়িগুলির মাত্র কয়েক ফুট দূরে বিমানটি আছড়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তার উপর তৈরি হয় বিশাল গর্ত। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। তবে দুর্ঘটনায় আশপাশের বাসিন্দাদের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে রয়েছে ট্রাম্পের মার-আ-লাগো রিসর্ট।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটির মহিলা পাইলট 'মে ডে' কল করেছিলেন। বিমানে বরফ জমার পাশাপাশি তীব্র ঝাঁকুনির কথাও জানিয়েছিলেন তিনি। প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়তে গিয়ে টার্বুলেন্সের মুখে পড়ে বিমানটি। সেই সময় প্রায় ৭০০ ফুট পর্যন্ত উচ্চতার অস্বাভাবিক ওঠানামা হয়েছিল বলে জানা গিয়েছে।

এর পর আচমকাই দ্রুত নীচে নামতে শুরু করে বিমানটি। প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট থেকে নেমে যাওয়ার গতি বেড়ে ৩০ হাজার ফুটে পৌঁছেছিল বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জরুরি বার্তা পাঠান পাইলট। কিন্তু তার পরেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনার ভয়াবহ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন রাস্তা দিয়ে যাতায়াত করা কয়েক জন। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।


Share