Change Station Name

কথাশিল্পীর স্মৃতিতে স্টেশন! দেউলটি পরিবর্তে শরৎচন্দ্রের নামে রাখার প্রস্তাব, দিল্লিতে ডেপুটেশন

এই মর্মে রাষ্ট্রপতির দফতর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখা।

দেউলটি স্টেশন
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫

রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে। একাধিক বিষয়ে চলছে পরিবর্তনের আবহ। এরই মধ্যে রাজ্যের একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের নাম পরিবর্তন নিয়ে যখন চর্চা চলছে, তখন এ বার হাওড়ার দেউলটি স্টেশনের নাম বদলের দাবি উঠল। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই স্টেশন। এবার তাঁর নামেই এই স্টেশনের নাম করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির দফতর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে লিখিত ভাবে এই প্রস্তাব জমা দিয়েছে অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখা। মঙ্গলবার দিল্লিতে গিয়ে এই দাবি জানানো হয়।

সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দুমহাসভার রাজ্য কমিটির একটি প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দফতরে ডেপুটেশন জমা দেয়। দেউলটি স্টেশনের নাম শরৎচন্দ্রের নামে করার পক্ষে সংগঠনের তরফে তাঁর সাহিত্যকর্ম ও মানবতাবাদী ভাবনার কথা তুলে ধরা হয়েছে।

চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, সমাজের প্রচলিত মিথ্যা নীতি-নৈতিকতার ঊর্ধ্বে উঠে মানবতাকেই মানুষের প্রধান পরিচয় হিসেবে নিজের সাহিত্যে তুলে ধরেছিলেন শরৎচন্দ্র। শোষিত ও নিপীড়িত মানুষের জীবনযন্ত্রণা তাঁর লেখার অন্যতম প্রধান বিষয় ছিল। সেই কারণেই তাঁর অবদানকে সম্মান জানাতে দেউলটি স্টেশনের নাম পরিবর্তন করে শরৎচন্দ্রের নামে করার দাবি জানানো হয়েছে।

দেউলটির সঙ্গে শরৎচন্দ্রের যোগও দীর্ঘদিনের। স্টেশন থেকে কিছুটা দূরেই রূপনারায়ণ নদীর তীরে একটি বাড়িতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছিলেন সাহিত্যিক। প্রায় ১২ বছর তিনি দেউলটির ওই বাসভবনে ছিলেন। সেখানকার শান্ত পরিবেশেই তিনি ‘দেনা-পাওনা’, ‘বিপ্রদাস’ এবং ‘শেষ প্রশ্ন’-এর মতো একাধিক উল্লেখযোগ্য উপন্যাস ও গল্প রচনা করেন।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শরৎচন্দ্রের সেই বাসভবনটি সংরক্ষণ করা হয়েছে। সেখানে এখনও তাঁর ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র যত্ন সহকারে রাখা রয়েছে। সাহিত্যিকের সঙ্গে দেউলটির এই ঐতিহাসিক যোগসূত্রের কারণেই এ বার স্টেশনের নাম তাঁর নামে করার দাবি সামনে এসেছে।


Share