By Election

নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী চন্দ্রনাথের মা, মনোনয়ন জমা দেবেন হাসিরানি, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ

চন্দ্রনাথের পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে। চন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ঘটনার তদন্ত নিয়ে চন্দ্রের পরিবারও শুভেন্দুর ওপরে ভরসা রেখেছিলেন। রাজনৈতিক মহলের ধারণা, সেই কারণেই চন্দ্রের মা হাসিরানি রথকে প্রার্থী করা হয়েছে।

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ।
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৩

শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি। যদিও প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই তিনি মনোনয়ন জমা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। রেজিনগরে বিজেপির প্রার্থী করা হয়েছে শাখারভ সরকারকে। তিনি মুর্শিদাবাদের প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। শাখারভ বিজেপির রাজ্য কমিটির সদস্যও।

চন্দ্রনাথের পরিবারের সঙ্গে দীর্ঘ দিনের রাজনীতির যোগ রয়েছে। শুভেন্দু অধিকারীর মতোই তাঁর পরিবারও একসময় তৃণমূলে ছিল। তাঁর মা হাসিরানি রথ একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ‍ও ছিলেন। তিনিও এখন বিজেপিতে রয়েছেন। শুভেন্দুর সঙ্গে চন্দ্রনাথের পরিবারের যোগাযোগ নব্বইয়ের দশকের শেষ পর্ব থেকে। শুভেন্দু তৃণমূলের যোগ দেওয়ার পর থেকে তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে। ২০২০ সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হাসিরানিও তাঁর সঙ্গেই বিজেপিতে যান।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দু’দিনের মাথায় ৬ মে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দুর তৎকালীন আপ্তসহায়ক চন্দ্রনাথকে। মধ্যমগ্রামে বাড়িতে ফেরার সময় এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। গাড়িতে চালকের পাশের আসনে বসেছিলেন চন্দ্রনাথ। চালকও জখম হন গুলিতে। বাইকে করে এসে তাঁদের গুলি করে পালান আততায়ীরা। কিছু ক্ষণের মধ্যে চন্দ্রনাথদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা শুভেন্দুর আপ্তসহায়ককে মৃত ঘোষণা করেন। প্রথমে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছিল রাজ্যের পুলিশ। বিশেষ তদন্তকারী দল (সিট)-ও গঠন করা হয়েছিল। পরে ওই হত্যাকাণ্ডের তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। দুই বিজেপি কর্মী-সহ কয়েক জনকে গ্রেফতার করে। সেই মামলা এখনও বিচারাধীন।

চন্দ্রনাথের পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে। চন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ঘটনার তদন্ত নিয়ে চন্দ্রের পরিবারও শুভেন্দুর ওপরে ভরসা রেখেছিলেন। রাজনৈতিক মহলের ধারণা, সেই কারণেই চন্দ্রের মা হাসিরানি রথকে প্রার্থী করা হয়েছে।

তবে বিজেপির আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণার আগেই হাসিরানি রথ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। সকালে শিব মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরে মনোনয়নপত্র জমা দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। সেই মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই গাড়ি সাজানো শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সরকার কী কী কাজ এই চারমাসে করেছে তা মানুষের কাছে তুলে ধরতে চান বিজেপি প্রার্থী হাসিরানি।


Share