Weather Update

ফের বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গের বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ফের বাড়বে বৃষ্টি।দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৯

বর্ষার দাপট আপাতত কিছুটা কম থাকলেও ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে রাঁচি ও দীঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাব পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলেও রয়েছে।

আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। দু-এক জায়গায় স্থানীয়ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলির বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে।

আজ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। আপাতত কোনও সতর্কবার্তা নেই।

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের পর আকাশ আরও মেঘলা হতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৭ শতাংশ।


Share