Delhi Airport

ভারতীয় অভিবাসন দফতরের অনুমতি ছাড়াই মিউনিখগামী উঠে পড়ে তিন ইতালির নাগরিক! দিল্লি বিমানবন্দরে ‘গাফিলতি’, বৈঠক ডাকল স্বরাষ্ট্রমন্ত্রক

অভিযোগ, অমৃতসর বিমানবন্দরেই তাঁদের পরের সফরের বোর্ডিং পাস দেওয়া হয়েছে। দিল্লিতে নামার পর প্রয়োজনীয় অভিবাসন প্রক্রিয়া শেষ না করেই তাঁদের আন্তর্জাতিক ‘ট্রান্সফার’-এ পাঠিয়ে দেওয়া হয়। তার পরই তাঁরা মিউনিখগামী বিমানে করে চলে যান। দিল্লি থেকে তাঁরা লুফথানসার বিমানে ওঠেন।

ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:০১

দিল্লি বিমানবন্দরে অভিবাসন দফতরের ছাড়পত্র ছাড়াই মিউনিখগামী বিমানে উঠে পড়লেন তিনজন ইতালির নাগরিক। এমন গাফিলতির ঘটনা সামনে আসতেই জরুরি ভিত্তিতে বৈঠক ডাকল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন এমন ঘটনা ঘটল তা জানতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই সেই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, তিন ইতালির নাগরিক যাত্রী প্রথমে অমৃতসরে আসেন। সেখান থেকে দিল্লিতে আসেন। অভিযোগ, অমৃতসর বিমানবন্দরেই তাঁদের পরের সফরের বোর্ডিং পাস দেওয়া হয়েছে। দিল্লিতে নামার পর প্রয়োজনীয় অভিবাসন প্রক্রিয়া শেষ না করেই তাঁদের আন্তর্জাতিক ‘ট্রান্সফার’-এ পাঠিয়ে দেওয়া হয়। তার পরই তাঁরা মিউনিখগামী বিমানে করে চলে যান। দিল্লি থেকে তাঁরা লুফথানসার বিমানে ওঠেন।

কিছু বিমানবন্দরে ‘হাব অ্যান্ড স্পোক’ ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থায় যাত্রী যদি ‘স্পোক বিমানবন্দর’ থেকে আন্তর্জাতিক গন্তব্যে যান, তাহলে প্রথম বিমানবন্দরেই তাঁর অভিবাসন সংক্রান্ত কাজ সেরে ফেলা হয়। এরপর 'হাব' বিমানবন্দরে পৌঁছে তাঁকে আর অভিবাসন সংক্রান্ত কাজ করতে হয় না। সেখানে শুধুমাত্র নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা হয়। তারপর তিনি আন্তর্জাতিক বিমানে উঠতে পারেন।

এ ক্ষেত্রে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মনে করছে, অমৃতসর থেকে কোনও যাত্রী দিল্লির মতো ‘হাব’ বিমানবন্দরে এসে সেখান থেকে আন্তর্জাতিক বিমানে উঠলে অমৃতসরেই তাঁর অভিবাসন হয়ে যেতে পারত। কিন্তু ওই তিন যাত্রীর ক্ষেত্রে তা হয়নি। ওই তিন ইতালির নাগরিক অমৃতসর থেকে দিল্লি আসেন। তাই অমৃতসর ছিল ‘স্পোক’ বিমানবন্দর। দিল্লি ছিল ‘হাব’। দিল্লি থেকে মিউনিখ যাওয়ার কথা ছিল। কিন্তু অমৃতসর থেকে দিল্লি এবং দিল্লি থেকে মিউনিখ, এই দুই ফ্লাইটের ক্ষেত্রে ওই হাব-অ্যান্ড-স্পোক ব্যবস্থাটি সঠিক ভাবে মানা হয়নি। তাই নিয়ম অনুযায়ী, অমৃতসরে তাঁদের অভিবাসন সংক্রান্ত কাজ সম্পূর্ণ না হলে দিল্লিতে পৌঁছনোর পর তাঁদের সেই কাজ করার কথা ছিল। কিন্তু অভিযোগ, দিল্লিতে অভিবাসন না করেই তাঁদের আন্তর্জাতিক ‘ট্রান্সফার’ এলাকায় নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক তদন্ত শুরু করেছে। মন্ত্রকের তরফ থেকে এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিস দিয়েছে। জানতে চাওয়া হয়েছে, কীভাবে তিন যাত্রীকে দিল্লির আন্তর্জাতিক ট্রান্সফার এলাকায় নিয়ে যাওয়া হল। অভিযোগ, এই গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাড়াই কীভাবে তাঁরা আন্তর্জাতিক বিমানে উঠলেন তা জানতে চাওয়া হয়েছে।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকেরা উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রক, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, ইন্টেলিজেন্স ব্যুরো এবং ব্যুরো অফ ইমিগ্রেশনের আধিকারিকেরা এই বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে।


Share