Enforcement Directorate

জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ, ইডির হাতে গ্রেফতার নির্মাণ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়

সেই মামলাতেই মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য অমিতকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছিল। তদন্তে সহযোগিতা না করার অভিযোগে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৯

জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগের মামলায় নির্মাণ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর সংস্থার বিরুদ্ধে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জমি দখল করে আবাসন নির্মাণের অভিযোগ রয়েছে। সেই মামলাতেই মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য অমিতকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছিল। তদন্তে সহযোগিতা না করার অভিযোগে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

অমিত গঙ্গোপাধ্যায় প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। জমি দখল, প্রতারণা এবং ভুয়ো নথি তৈরির অভিযোগে ২০২৩ সালে অমিতের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক থানায় মোট ২০টি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই এফআইআরগুলির ভিত্তিতেই পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করে ইডি।

বিধানসভা নির্বাচনের আগে গত মার্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার তদন্তে অমিতের সংস্থার সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল। তল্লাশির পাশাপাশি সংস্থার আধিকারিকদের ফোন থেকেও বেশ কিছু তথ্য ও নথি পাওয়া যায় বলে ইডি সূত্রের দাবি। সেই সূত্র ধরেই মামলায় দেবাশিস কুমারকে একাধিক বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।

বিধানসভা নির্বাচনের ঠিক আগে এপ্রিলের ১, ৩ এবং ৯ তারিখে দেবাশিসকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছিল। প্রতিবারই ইডির আধিকারিকেরা তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। শুধু তাই নয়, দেবাশিসের বাড়ি এবং অফিসেও তল্লাশি চালানো হয়েছিল। সেই তদন্তেরই পরবর্তী পদক্ষেপ হিসেবে এ বার অমিত গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Share