Delhi Police

ব্যাগে ডলার-সহ লক্ষাধিক টাকা, ক্যাব থেকে নামতেই বিপত্তি! ব্রিকস সম্মেলন শেষে বিদেশি অতিথির হারানো ব্যাগ মাত্র এক ঘণ্টায় উদ্ধার দিল্লি পুলিশের

সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি বিপুল পরিমাণ টাকা ভর্তি একটি ব্যাগ প্রায় হারাতেই বসেছিলেন। তবে শেষ মুহূর্তে দিল্লি পুলিশের তৎপরতায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন ওই বিদেশি অতিথি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫

দিল্লিতে এসে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দুমিসা মরিস সোবেকউই। সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি বিপুল পরিমাণ টাকা ভর্তি একটি ব্যাগ প্রায় হারাতেই বসেছিলেন। তবে শেষ মুহূর্তে দিল্লি পুলিশের তৎপরতায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন ওই বিদেশি অতিথি। দক্ষিণ আফ্রিকা ফেরার বিমানে ওঠার মাত্র আধঘণ্টা আগে তাঁর হাতে ফিরে আসে হারিয়ে যাওয়া ব্যাগ।

সূত্রের খবর, ব্রিকস সম্মেলনে যোগ দিতে সোবেকউই দক্ষিণ আফ্রিকা থেকে দিল্লিতে এসেছিলেন। সম্মেলন চলাকালীন তিনি কনট প্লেসের একটি হোটেলে ছিলেন। রবিবার সম্মেলন শেষ হওয়ার পর ওই রাতেই তাঁর দক্ষিণ আফ্রিকায় ফেরার কথা ছিল। তার আগে তিনি ব্যক্তিগত কাজে রবিবার সন্ধ্যায় গুরুগ্রামে গিয়েছিলেন।  গুরুগ্রাম থেকে দিল্লিতে ফেরার সময় সোবেকউই একটি ক্যাবে ওঠেন। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর পর ক্যাব থেকে নেমে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি টাকার ব্যাগটি গাড়ির ভিতরেই ফেলে যান।

জানা গিয়েছে, ওই ব্যাগে বেশ কিছু আমেরিকান ডলারের পাশাপাশি ভারতীয় মুদ্রাও ছিল। সব মিলিয়ে ব্যাগটিতে প্রায় তিন লক্ষ টাকা ছিল। হোটেলে ফিরে আসার পরই ব্যাগটি সঙ্গে নেই বলে বুঝতে পারেন ওই অতিথি। এরপর হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে তিনি স্থানীয় থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়েই দিল্লি পুলিশ দ্রুত তদন্তে নামে।

প্রথমেই পুলিশ ওই অতিথির বুক করা ক্যাবটির তথ্য সংগ্রহ করে। গাড়িটির চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রাথমিক ভাবে তাঁর ফোন সুইচড অফ পাওয়া যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি শুরু করে পুলিশ। ক্যাবটির গতিবিধি খতিয়ে দেখে চালকের সন্ধানে শুরু হয় অভিযান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত ওই ক্যাবচালকের সন্ধান মেলে এবং উদ্ধার করা হয় টাকা ভর্তি ব্যাগটি। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা ফেরার বিমানে ওঠার মাত্র ৩০ মিনিট আগে ওই অতিথির হাতে ব্যাগটি তুলে দিতে সক্ষম হয় পুলিশ। ব্যাগ ফিরে পেয়ে দিল্লি পুলিশের তৎপরতার প্রশংসা করেন তিনি এবং পুলিশকে ধন্যবাদ জানান।


Share