Mob Lynching

চোর সন্দেহে গণপিটুনিতে লিলুয়ায় মৃত্যু যুবকের, দেহ সরানোর চেষ্টার অভিযোগ, গ্রেফতার দু'জন

মারধরের পর তাঁর দেহ অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় শুভজিৎ পটেল ও সুমিত পাসয়োন নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, লিলুয়া
  • শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৪

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। হাওড়ার লিলুয়ায় এমন ঘটনা ঘটেছে। অভিযোগ, মারধরের পর ওই ব্যক্তির দেহ অন্যত্র সরিয়ে ফেলারও চেষ্টা করা হয়েছিল। ঘটনায় লিলুয়া থানার পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে।

মৃতের নাম রাজকুমার চৌহন (৪৩)। তিনি উত্তরপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজকুমার মঙ্গলবার রাতে লিলুয়া থানা সংলগ্ন একটি কারখানায় ঢুকেছিলেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, চুরির উদ্দেশ্যেই তিনি সেখানে প্রবেশ করেছিলেন। এরপর কয়েকজন তাঁকে ধরে ফেলে। মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

অভিযোগ উঠেছে, ঘটনার পর রাজকুমারের দেহ অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনায় শুভজিৎ পটেল এবং সুমিত পাসয়োন নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। তিনি জানান, এই ঘটনায় খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ফরেনসিক দলও যাবে। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।


Share